সোমবার,২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সমুদ্রসীমায় জ্বালানির উপস্থিতি নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের: নৌপরিবহনমন্ত্রী


সমুদ্রসীমায় জ্বালানির উপস্থিতি নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের: নৌপরিবহনমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৬.২০২৬

সমুদ্রসীমায় জ্বালানির উপস্থিতি নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের: নৌপরিবহনমন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশের সমুদ্রসীমায় জ্বালানি সম্পদের উপস্থিতি নিশ্চিত বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, দেশের অফশোর এলাকায় কূপ খনন, খনিজ সম্পদ চিহ্নিতকরণ এবং পরবর্তীতে সেগুলো উত্তোলনের বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সোমবার (২২ জুন) বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৬ উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নৌপরিবহনমন্ত্রী বলেন, দেশের সমুদ্রসীমায় জ্বালানি সম্পদ পাওয়ার সম্ভাবনা নয়, বরং এর উপস্থিতি নিশ্চিত। তবে অতীতে যথাযথ নীতিগত উদ্যোগের অভাবে এ সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক আদালতের রায়ের মাধ্যমে বাংলাদেশ বিস্তীর্ণ সমুদ্রাঞ্চলের অধিকার অর্জন করলেও সেই সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো যায়নি। এদিকে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার তাদের নিজ নিজ সমুদ্রসীমায় অনুসন্ধান চালিয়ে প্রাকৃতিক সম্পদ উত্তোলনে সফল হলেও বাংলাদেশ এ ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে।

শেখ রবিউল আলম বলেন, দেশের প্রায় ৯২ শতাংশ বৈদেশিক বাণিজ্য চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে পরিচালিত হয়। নেভিগেশন ও নিরাপদ জাহাজ চলাচলের ক্ষেত্রে আন্তর্জাতিক মানের তুলনায় বাংলাদেশ এখনও পিছিয়ে থাকলেও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, দেশের প্রায় ১৬ হাজার কিলোমিটার অভ্যন্তরীণ নৌপথ একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এসব নৌপথ সচল, নিরাপদ, সাশ্রয়ী ও যাত্রীবান্ধব করতে হাইড্রোগ্রাফি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতে এর গুরুত্ব আরও বৃদ্ধি পাবে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস দেশের সামুদ্রিক ও নৌসম্পদ চিহ্নিতকরণ এবং সেগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি