শনিবার,১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় গৃহবধূর আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৬.২০২৬

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে লুৎফা বেগম (৫০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (২২ জুন) উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের আশাবাড়ি গ্রামের (মধ্যের বাড়ি) নিজ বসতঘরের পাশের একটি পরিত্যক্ত লাকড়ির ঘরে এ ঘটনা ঘটে।

​নিহত লুৎফা বেগম ওই গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আলাউদ্দিন ওরফে জজুর স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লুৎফা বেগম বিভিন্ন জায়গা থেকে নেওয়া ঋণের কিস্তির টাকা পরিশোধ করা নিয়ে বেশ কিছুদিন ধরে চরম হতাশায় ভুগছিলেন। আজ সকাল থেকে দুপুরের মধ্যে পরিবারের সবার অগোচরে তিনি নিজ বাড়ির পরিত্যক্ত লাকড়ির ঘরে যান। সেখানে রান্নাবাড়ির তীরের (আড়ার) সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ঋণের দায়ের মানসিক চাপ সইতে না পেরে ওই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন (পোস্টমর্টেম রিপোর্ট) এলে মৃত্যুর প্রকৃত কারণ ও চূড়ান্ত ঘটনা জানা যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি