শনিবার,১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


নোয়াখালীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মী গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৬.২০২৬

ডেস্ক রিপোর্ট:

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নোয়াখালীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে জেলা পুলিশ।

সরেজমিনে দেখা গেছে, জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে নজরদারি জোরদার করা হয়েছে। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে জেলার রাজনৈতিক অঙ্গনেও বাড়তি সতর্কতা লক্ষ্য করা গেছে। বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী জানান, আইনশৃঙ্খলা রক্ষা করা প্রশাসনের দায়িত্ব। তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও প্রশাসনকে সতর্ক থাকতে হবে। আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের পক্ষে। নোয়াখালীতে যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাই।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এনএম নাসিরুদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি