দেশের ব্যাংক খাতের সংকট কাটিয়ে ওঠা, অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধার এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৪৫ কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। ‘আর্থিক খাত সহায়তা প্রকল্প-২’-এর আওতায় এই অর্থ ব্যয় করা হবে।
বুধবার (২৪ জুন) বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
প্রকল্পটির প্রধান উদ্দেশ্য হলো ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে আমানত সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং এর মূলধন বৃদ্ধি করা। একই সঙ্গে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর কাঠামোগত সংস্কার, ব্যাংক পুনর্গঠনের কৌশল প্রণয়ন এবং খেলাপি ঋণ কমানোর ভিত্তি তৈরি করা হবে।
এ ছাড়া এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের তদারকি ও ঝুঁকি পর্যবেক্ষণের সক্ষমতা বাড়ানো হবে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি অবকাঠামোর আধুনিকায়ন, ক্রমবর্ধমান সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা এবং জরুরি তারল্য সহায়তা কাঠামো গড়ে তুলতেও এই অর্থ ব্যবহার করা হবে।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, দুর্বল প্রাতিষ্ঠানিক সুশাসন এবং ঋণ বিতরণে নানা অনিয়মের কারণে দেশের ব্যাংক খাত বর্তমানে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে। ২০২৬ সালের মার্চ শেষে খেলাপি ঋণের হার ৩২ দশমিক ৫ শতাংশ ছাড়িয়েছে, যা দক্ষিণ এশিয়ার গড় হারের তুলনায় অনেক বেশি। একই সঙ্গে ২০২৫ সালের শেষ নাগাদ ব্যাংক খাতের মূলধন ও ঝুঁকিপূর্ণ সম্পদের অনুপাত ঋণাত্মক ২ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে।
বাংলাদেশের এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনে একটি স্থিতিশীল আর্থিক খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জঁ পেসমে। তিনি বলেন, এই প্রকল্প আর্থিক খাতে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং সামগ্রিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হবে।
বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ আর্থিক খাত বিশেষজ্ঞ তোশিয়াকি ওনো জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং এশীয় উন্নয়ন ব্যাংকসহ অন্যান্য উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে সংকট মোকাবিলার প্রস্তুতি জোরদার হবে এবং ব্যাংক খাতের চাপ সামাল দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

























































