বৃহস্পতিবার,২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » এক লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী আমির খসরু


এক লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী আমির খসরু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৭.২০২৬

ডেস্ক রিপোর্ট:

প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে সরকার এক লাখ কর্মী নিয়োগ দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যকর হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালসহ দেশের বড় হাসপাতালগুলোর ওপর রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।’

আজ শনিবার (৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘শুধু বাজেট বরাদ্দ বা বিনিয়োগ বাড়ালেই স্বাস্থ্যসেবার কাঙ্ক্ষিত উন্নয়ন হবে না। পুরো স্বাস্থ্যব্যবস্থাকে নতুনভাবে সাজিয়ে গুণগত পরিবর্তন আনতে হবে। চিকিৎসক, শিক্ষক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের নিজ নিজ দায়িত্ব ও পেশাদারির জায়গা থেকে পরিবর্তনের উদ্যোগ নিতে হবে।’

মন্ত্রী আরো বলেন, ‘সরকার প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয়তা, অগ্রাধিকার, কার্যকারিতা ও পরিবেশগত বিষয়কে গুরুত্ব দিচ্ছে। স্বাস্থ্য খাতেও একই নীতি অনুসরণ করা হবে। সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে প্রস্তুত। তবে সেই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং বৈশ্বিক সেরা চর্চা অনুসরণ করে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করতে হবে।’

সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি