শনিবার,৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ওমরাহ পালন করে বাড়ি ফেরা হলো না ব্রাহ্মণবাড়িয়ার হানিফের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৭.২০২৬

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার হানিফ মিয়া (৩৫) নামের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত হানিফ উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মাঝিগাছা গ্রামের হিরণ মিয়ার ছেলে।

হানিফের চাচা বেলাল হোসেন দীলিপ ও প্রবাসী কিবরিয়া সোহেল জানান, বাংলাদেশ সময় শুক্রবার রাতে সাড়ে ১২টার দিকে ওমরাহ হজ পালন শেষে হানিফ দুর্ঘটনার শিকার হন। প্রথমে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এরপর সবাই গাড়ি থেকে নেমে সড়কে দাঁড়ালে পেছন দিক থেকে আসা আরেকটি গাড়ি তাদের দিকে আসে।

সঙ্গে থাকা অন্য তিনজন সড়কের আইল্যান্ডে উঠে প্রাণে বাঁচলেও হানিফ ঘটনাস্থলেই মারা যান।

পরিবারের সদস্যরা জানান, প্রায় ছয় বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান হানিফ। সেখানে তিনি মক্কার একটি হাসপাতালে ক্লিনারের কাজ করতেন। কয়েক দিন আগে তার দাদি মারা যাওয়ার পর তার নামে ওমরাহ আদায় করতে যান।

ওমরাহ শেষে তিন বাংলাদেশি সহকর্মীকে সঙ্গে নিয়ে কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

পরিবারিক সূত্রে জানা গেছে, দুই ভাই ও চার বোনের মধ্যে হানিফ ছিলেন বড়। এক মাস পর দেশে ফিরে বিয়ের কথা ছিল তার। এ জন্য পরিবারের সদস্যরা পাত্রীও দেখছিলেন। কিন্তু সেই অপেক্ষা এখন পরিণত হয়েছে গভীর শোকে।

তার কর্মস্থলের সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি লাশ দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সরকারের পক্ষ থেকেও যেন এ বিষয়ে সহযোগিতা করা হয় সেই দাবি জানিয়েছেন পরিবারের লোকজন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি