
ডেস্ক রিপোর্ট:
ফেনীর পরশুরামে মুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর মোহাম্মদ সাকিব (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
আজ রোববার (৫ জুলাই) সকালে ফুলগাজী উপজেলার মধ্যম শ্রীচন্দ্রপুর এলাকায় মুহুরী নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফুলগাজী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। স্বজনরা এসে লাশটি সাকিবের বলে শনাক্ত করেন।
নিহত সাকিব কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার অলিপুর গ্রামের আলী মিয়ার ছেলে। পরিবারসহ তিনি চট্টগ্রামে বসবাস করতেন। সম্প্রতি তিনি পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের জঙ্গলগোনা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
স্বজনদের বরাতে জানা গেছে, শনিবার দুপুরে পশ্চিম অলকা জঙ্গলগোনা এলাকার মুহুরী নদীতে গোসল করতে নেমে সাকিব পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি। পরদিন সকালে নদীতে তার লাশ ভেসে ওঠে।
সাকিবের নানি বেগমেন্নেছা জানায়, বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে তিনি ডুবে যান। তার কিছু মানসিক সমস্যাও ছিল।
পরশুরাম মডেল থানার ওসি মো. আশরাফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে ফুলগাজী থানা পুলিশ।






















































