বৃহস্পতিবার,৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার মেঘনায় ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৭.২০২৬

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মেঘনা উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. ইব্রাহিম খলিল ওরফে শ্যামল (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তি গোবিন্দপুর ইউনিয়নের ব্রাহ্মণচর নোয়াগাঁও গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি একজন শারীরিক প্রতিবন্ধী। ভুক্তভোগী আট বছর বয়সের শিশুটি স্থানীয় ব্রাহ্মণচর নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। সে নিয়মিত অভিযুক্তের ১৩ বছর বয়সী মেয়ে ফাতেমার কাছে প্রাইভেট পড়তে যেত। গত ৮ জুলাই বিকেল আনুমানিক ৩টার দিকে ভুক্তভোগী তার সহপাঠী তামিমকে সঙ্গে নিয়ে প্রাইভেট পড়তে অভিযুক্তের বাড়িতে যায়। সে সময় অভিযুক্তের মেয়ে ও পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকায় অভিযুক্ত মোবাইল ফোন দেখানোর প্রলোভন দিয়ে শিশুটিকে নিজের শয়নকক্ষে নিয়ে যান। সেখানে ধর্ষণের উদ্দেশ্যে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিলে শিশুটি পরিস্থিতি বুঝতে পেরে দৌড়ে নিজ বাড়িতে ফিরে যায়। কিছুক্ষণ পর অভিযুক্ত ‘ম্যাডাম এসেছেন’ বলে আবার শিশুটিকে বাড়িতে ডেকে নেন। শিশুটি সেখানে গেলে তিনি তাকে পুনরায় নিজের শয়নকক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন এবং তার পরিহিত প্যান্টের ভেতর হাত দিয়ে যৌনাঙ্গে স্পর্শ করেন। একপর্যায়ে শিশুটি চিৎকার করে ঘর থেকে বেরিয়ে নিজ বাড়িতে গিয়ে মাকে পুরো ঘটনাটি জানায়। পরে শিশুটির মা বিষয়টি প্রতিবেশীদের জানালে স্থানীয় লোকজন ঘটনাটি সম্পর্কে অবগত হন। এরপর ভুক্তভোগীকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এ বিষয়ে মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, ভুক্তভোগীর বাবা রাত ১২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে দেড় ঘণ্টার মধ্যে অভিযুক্ত শ্যামলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পরে সকালে যথাযথ পুলিশ স্কর্টে তাকে আদালতে সোপর্দ করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি