রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীকে সন্ধ্যা ৬টার মধ্যে পদত্যাগের পাশাপাশি তার ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন এ ঘোষণা দেন।
তিনি বলেন, সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং শিক্ষার্থীদের প্রতি দেওয়া অসংগতিপূর্ণ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে গত ১৩ জুলাই অস্বস্তিকর পরিবেশে অনুষ্ঠিত পরীক্ষাটি পুনরায় নেওয়ার দাবি জানান তিনি। তার ভাষ্য, ওই দিন অনেক শিক্ষার্থী স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারেননি, আবার কেউ কেউ পরীক্ষায় অংশগ্রহণই করতে পারেননি। তাই সবার স্বার্থ বিবেচনায় পরীক্ষাটি নতুন করে আয়োজন করতে হবে।
শিক্ষার্থীদের আরও দাবি, আগামী বুধবারের নির্ধারিত পরীক্ষা স্থগিত করে নতুন সময়সূচি প্রকাশ করতে হবে। পাশাপাশি প্রশ্নপত্র এমনভাবে প্রণয়ন করতে হবে, যাতে তা শিক্ষার্থীবান্ধব ও মানসম্মত হয়।
এর আগে বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নিলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সায়েন্সল্যাব, নিউমার্কেট, এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।
অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, সকাল থেকে আন্দোলন অব্যাহত থাকলেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ তাদের সঙ্গে আলোচনায় বসেননি।
























































