
ডেস্ক রিপোর্ট:
কুমিল্লা সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে একটি যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ব্লাউজ ও ম্যাক্সি জব্দ করেছে (১০ বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৯৫ হাজার টাকা।
আজ শনিবার (১৮ জুলাই) ভোর আনুমানিক ৩টার দিকে কুমিল্লা ব্যাটালিয়নের অধীনস্থ গীতবাড়ি বিওপির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনতলা এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ব্লাউজ ও ম্যাক্সি জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৭৪ লাখ ৯৫ হাজার টাকা। উদ্ধার হওয়া মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

















































