
ডেস্ক রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকায় কুমিল্লা–সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় মো. ইয়ামিন ভূইয়া (৩০) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় তাঁর স্ত্রী সুমা আক্তার আহত হয়েছেন। তাঁকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের বাসিন্দা মো. ইয়ামিন ভূইয়া সৌদি আরবে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে পাশের মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের সুমা আক্তারের সঙ্গে তাঁদের বিয়ে হয়। সম্প্রতি দেশে ফিরে গত ১৭ জুলাই স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে নিজ বাড়িতে নিয়ে আসেন ইয়ামিন।
সোমবার সন্ধ্যায় শ্বশুরবাড়ি থেকে অটোরিকশাযোগে নিজ বাড়িতে ফেরার পথে কুমিল্লা–সিলেট মহাসড়কের ভাদুঘর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ইয়ামিন ও তাঁর স্ত্রী গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। আহত সুমা আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।























































