
ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় একটি পুকুর থেকে আলামিন (৩৫) নামের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের ছোটধুশিয়া পশ্চিমপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত আলামিন উপজেলার সিদলাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অহিদ মেম্বারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোর সাড়ে ৬টার দিকে চান্দলা ইউনিয়নের ছোটধুশিয়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মুসলিম উদ্দীনের নতুন ভরাটকৃত বাড়ির উত্তর-পশ্চিম পাশে অবস্থিত একটি পুকুরে এক যুবকের মরদেহ উপুড় হয়ে ভেসে থাকতে দেখেন স্থানীয়রা।
পুকুরের পশ্চিম পাড়ে পানিতে ডুবন্ত ও ভাসমান অবস্থায় লাশটি দেখে মুহূর্তের মধ্যে পুরো এলাকায় খবরটি ছড়িয়ে পড়ে। শত শত উৎসুক জনতা পুকুরপাড়ে ভিড় জমান। পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকাল ৭টার দিকে মরদেহটি পানি থেকে ডাঙায় তুলে আনে।
মরদেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করে পুলিশ। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত সিদলাই ইউনিয়নের বাসিন্দা ও স্বজনরা নিহতের পরিচয় শনাক্ত করেন। নিহত যুবক পার্শ্ববর্তী সিদলাই গ্রামের অহিদ মেম্বারের ছেলে আলামিন বলে নিশ্চিত হওয়া যায়।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত ও সঠিক কারণ জানা যাবে।

















































