বৃহস্পতিবার,৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


দাউদকান্দিতে ইয়াবা ও গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৭


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৭.২০২৬

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ৪ হাজার ৬২০ পিস ইয়াবা ট্যাবলেট ও সাড়ে সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক মামলায় দুইজন, ডাকাতি মামলার তিন আসামি, একটি সিআর মামলার এক পরোয়ানাভুক্ত আসামি এবং একটি জিআর মামলার এক পরোয়ানাভুক্ত আসামিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম (পলাশ) বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ওসির নির্দেশনায় এসআই মিনহাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ২৯ জুলাই রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর ইউনিয়নের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঢাকা অভিমুখী সড়কে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় কুমিল্লা কোতোয়ালী থানার অরণ্যপুর এলাকার মৃত কামাল হোসেনের ছেলে মো. হৃদয় হোসেন (২৬) এবং একই এলাকার মৃত শাহ আলমের মেয়ে তাসলিমা (২৫)-কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩ হাজার ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও সাড়ে সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়।

একই ধারাবাহিক অভিযানে এসআই রিজোয়ানুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ৩০ জুলাই ভোর ৫টা ৫০ মিনিটে মেঘনা-গোমতী সেতুর নতুন টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকা অভিমুখী লেনে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি প্রাইভেট কার উদ্ধার করেন।

অপরদিকে, এসআই মিনহাজুল ইসলাম ৩০ জুলাই ভোর আড়াইটার পর গৌরীপুর এলাকা থেকে ডাকাতি মামলার আসামি দাউদকান্দি থানার মাইজপাড়া কাজীবাড়ী এলাকার মৃত সাদেক আলীর ছেলে মো. জাকির হোসেন রানা (৩৯), মাইজপাড়া শরিফ মঞ্জিল এলাকার মৃত আব্দুল হক শরিফের ছেলে মো. দুলাল শরিফ (৪৬) এবং দিঘীরপাড় প্রধান বাড়ি এলাকার মেহেরাজ আলমের ছেলে মো. রুবেল মিয়া (৩৮)-কে গ্রেপ্তার করেন।

এ ছাড়া এএসআই সেলিম মিয়া ২৯ জুলাই রাত সাড়ে ১০টার দিকে শহীদনগর (ভাগলপুর) এলাকার শাহ আলীর ছেলে মো. হাবিব (৩৮)-কে জিআর পরোয়ানাভুক্ত মামলায় গ্রেপ্তার করেন। একই দিন রাত আড়াইটার দিকে এএসআই সুজন কান্তি মিয়া মারুকা দুধ মিয়া মাস্টার বাড়ি এলাকার মো. মোজাফফরের স্ত্রী মোসা. পরুশাকে সিআর পরোয়ানাভুক্ত মামলায় গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি