
ডেস্ক রিপোর্ট:
কুমিল্লা ও ফেনীর সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে এক কোটি ১৫ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রবিবার (২ আগস্ট) ভোর সাড়ে ৪টা ও সাড়ে ৫টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর শিবের বাজার ও গীতাবাড়ী বিওপির বিশেষ টহল দল পৃথক অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌয়ারা বাজার এবং ফেনী সদর উপজেলার সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ ভেতরে উত্তর বেতিয়ারা এলাকায় এসব অভিযান চালানো হয়।
অভিযানকালে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য এক কোটি ১৫ লাখ টাকা।

















































