রবিবার,২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৮.২০২৬

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ২৯ দশমিক ৫ কেজি গাঁজা, ১২ বোতল স্কাফ সিরাপ ও ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

শনিবার (১ আগস্ট) র‌্যাব-১১ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

র‌্যাব-১১ জানায়, গত ৩১ জুলাই সকালে র‌্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার গাজীপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে শাহানাজ বেগম (৩৭) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার হেফাজত থেকে ২৯ দশমিক ৫ কেজি গাঁজা, ১২ বোতল স্কাফ সিরাপ এবং ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

র‌্যাবের তথ্যমতে, গ্রেপ্তার শাহানাজ বেগম কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার গাজীপুর গ্রামের বাসিন্দা এবং সবুজ মিয়ার স্ত্রী। জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা, স্কাফ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করে আসছিলেন বলে তথ্য পাওয়া যায়।

র‌্যাব জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১-এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি