
ডেস্ক রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়া শহরের পাওয়ার হাউস রোড এলাকা থেকে মোহাম্মদ আনিসুর রহমান (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে ওই এলাকার একটি চারতলা ভবনের নিচতলার সিঁড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আনিসুর রহমান নবীনগর উপজেলার লক্ষ্মীপুর সাতঘরহাটি গ্রামের আলকাছ মিয়া ও জাহানারা বেগমের ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া শহরের পাওয়ার হাউস রোডের ওই ভবনের চতুর্থ তলায় ভাড়া বাসায় থাকতেন। তিনি কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কয়েক মাস আগে আনিসুরের এক চাচা হত্যাকাণ্ডের শিকার হন। ওই হত্যা মামলায় আনিসুরের বাবা আলকাছ মিয়া আসামি হওয়ায় নিরাপত্তার কারণে তারা পরিবার নিয়ে শহরে ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পরিবারের অভিযোগ, আনিসুরের মৃত্যুর ঘটনায় তার চাচাতো ভাইদের সম্পৃক্ততা থাকতে পারে। তবে এ অভিযোগের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. রকীব উর রেজা জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।




















































