শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ডিজির আগমনে পাল্টে গেল রেলওয়ে স্টেশনের দৃশ্যপট


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১২.২০১৬

rajshahi20161203134414

পূর্বাশা ডেস্ক :

এক রাতেই বদলে গেছে রাজশাহী রেলওয়ে স্টেশন চত্বরের দৃশ্যপট। পুরো চত্বর এখন বর্ণিল ফুলে ছেয়ে গেছে। আর এসব হয়েছে কেবলই বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) আমজাদ হোসেনের রাজশাহী আগমন উপলক্ষে।

রাতারাতি বদলে যাওয়া রেলওয়ে স্টেশন দেখে অনেকেই নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না। তবে এসব যে কেবলই লোক দেখানো তা বুঝতে বাকি নেই কারোরই। গতকাল শুক্রবার ভোর রাতে ট্রেনে করে রাজশাহী রেলস্টেশনে এসে পৌঁছান ডিজি। শনিবার সকালে রওনা দেন পাবনার উদ্দেশ্যে।

খোঁজ নিয়ে জানা গেছে, ডিজির আগমন উপলক্ষে স্টেশন চত্বরের পার্কিং জোনে লাগানো হয়েছে বর্ণিল ফুলের গাছ। ফুল ফোটা এসব গাছ লাগানো হয়েছে বৃহস্পতিবার দিবাগত রাতভর। এতোদিন এসব খালিই পড়ে ছিল। তবে লোকজন বসে সময় কাটাতেন এসব জায়গায়।  এর কিছুটা অংশ এখন নতুন স্টিলের বেড়ায় ঘিরে দেয়া হয়েছে। আর পুরনো গ্রিলে লাগানো হয়েছে রং।

তবে প্ল্যাটফর্মের দক্ষিণ পাশের ফুল বাগানের খবর নেই। ওই বাগান যেন জঞ্জালের স্তুপ। বেশিরভাগ গাছ মরে গেছে। যেগুলো আছে সেগুলোর পরিচর্যা নেই। পাতাবাহারের গাছগুলোর মাথায় জড়িয়ে রয়েছে স্বর্ণলতা। কোনো রকমে বাগানের জঙ্গল কেটে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। বাগানের ভেতরে বিভিন্ন জায়গায় স্তুপ করে রাখা হয়েছে ছাই।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের একটি সূত্র জানিয়েছে, মহাপরিচালকের আগমন উপলক্ষে এসব ফুলগাছ রোপন করা হয়। বৃহস্পতিবার বিকেল থেকে ফুল ফোটা বড় বড় গাছ রোপন শুরু হয়। রাতভর চারজন শ্রমিক এ কাজ করেছে। যে সব জায়গায় ফুলগাছ রোপণ করা হয়েছে তার কোথাও কোথাও আবার মাটি ছিল না। তড়িঘড়ি করে বালি এনে ভরাট করা হয়েছে। গাছ লাগানোর পর থেকেই শুক্রবার দিনভর পানি ঢালা হয়েছে।

শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায়, বিভিন্ন ধরণের গাঁদা ও সাইলেসিয়া গাছ লাগানো হয়েছে। প্রতি গাছই ফুল ফোটা। এরই মধ্যে অধিকাংশ গাছ নেতিয়ে পড়েছে। কিছু কিছু গাঁদা গাছ শুকিয়ে গেছে। তাতে পানি ঢেলে তাজা রাখার চেষ্টা করছিলেন মিনহাজুল ইসলাম নামের এক শ্রমিক।

তিনি বলেন, তাকে শুক্রবার পর্যন্ত শুধু গাছে পানি দেয়ার জন্য রাখা হয়েছে। তিনি ছাড়াও আরো তিনজন শ্রমিক মিলে বৃহস্পতিবার রাতভর লাগিয়েছেন এসব গাছ। স্টেশন কর্তৃপক্ষ বগুড়ার একটি নার্সারি থেকে কিনে এনেছে এসব গাছ। প্রতিটি সাইলেশিয়া গাছের দাম পড়েছে ৩৫ টাকা করে। আর গাঁদা গাছ কেনা হয়েছে ২০ টাকা করে। স্টেশনের কর্মচারীও হাত লাগিয়েছিলেন ফুলগাছ লাগাতে। পানি দেয়া বন্ধ করে দিলে গাছগুলো মারা যাবে। পানি দিলেও বালিতে লাগানো গাছগুলো টেকানো যাবে না বলেও জানান তিনি। এ ব্যাপারে যোগাযোগ করে বিকেলে তার দফতরে পাওয়া যায়নি স্টেশন সুপারনিটডেডেন্ট জিয়াউদ্দিনকে।

জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী রমজান আলী বলেন, মহাপরিচালকের আসার তারিখটা হঠাৎ পরিবর্তন হয়েছে। তিনি জরুরিভাবে এসেছেন। সে জন্য তড়িঘড়ি করে সৌন্দর্য বর্ধনের কাজ করতে হয়েছে।

এর আগে শুক্রবার ভোর পাঁচটার দিকে  ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে করে রাজশাহী স্টেশনে এসে পৌঁছান রেলওয়ের মহাপরিচালক (ডিজি) আমজাদ হোসেন। সেখান থেকে সকালে তিনি চাঁপাইনবাবগঞ্জ যান। সেখানে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানিকারক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে আমনুরা রেলওয়ের উন্নয়নকাজ পরিদর্শন করেন তিনি। রাতে রাজশাহীতে মহাব্যবস্থাপকের সম্মেলন কক্ষে আঞ্চলিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে শনিবার সকালে তিনি পাকশী ডিভিশনের উদ্দেশে রাজশাহী ত্যাগ করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি