নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আজ সোমবার আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পেয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির প্রার্থী (ধানের শীষ) সাখাওয়াত হোসেন খান।
আজ সোমবার থেকে নারায়ণগঞ্জে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হয়েছে। প্রতীক পাওয়ার পর নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় সাংবাদিকদের সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘নয় শঙ্কা নয় ভয়, শহর হবে শান্তিময়।’ এটিই আমি ধারণ করি।
আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, তিনি চান নারায়ণগঞ্জ সন্ত্রাসের জনপদ হবে না। শান্তির পরিবেশ সব সময় বিরাজ করবে। জনগণের উদ্দেশে তিনি বলেন, তারা অতীতে তাঁর (আইভী) প্রতি আস্থা রেখেছে। পাশে থেকেছে। তিনি আশা করেন, এবারও জনগণ তাঁকে ভোট দেবে। নৌকায় ভোট দিয়ে তাঁকে বিজয়ী করবে।
প্রতীক বরাদ্দের পর সেলিনা হায়াৎ আইভী তাঁর বাবা প্রয়াত মেয়র আলী আহমেদ চুনকার কবরের কাছে যান। সেখানে তিনি কিছু সময় অবস্থান করেন। বিকেলে ৬ নম্বর ওয়ার্ডে প্রচারণার মাধ্যমে তিনি আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন।
সকালে প্রতীক পাওয়ার পর রিটার্নিং কার্যালয়ের কাছে সাংবাদিকদের বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান বলেন, ধানের শীষের প্রতি গণজোয়ার তৈরি হচ্ছে। ধানের শীষ জয়লাভ করবে। তিনি বলেন, বিএনপি জিয়ার আদর্শে গড়া দল। এখন এই দলের নেতৃত্বে চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি তাঁকে (সাখাওয়াত) এই প্রতীক নিয়ে নির্বাচন করতে বলেছেন। এটি শুধু তাঁর নয়, এটি দলের নির্বাচন। ধানের শীষের নির্বাচন।
বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান আরও বলেন, তিনি অন্যায়, সন্ত্রাসের বিরুদ্ধে। সাত খুন মামলায় তিনি লড়েছেন। নারায়ণগঞ্জের মানুষ তাঁকে চেনে, জানে।
সকালে রিটার্নিং কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহবুবুর রহমান ইসমাইল পেয়েছেন কোদাল প্রতীক। লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কামাল প্রধান পেয়েছেন ছাতা প্রতীক। বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস পেয়েছেন হাতঘড়ি, ইসলামী ঐক্যজোট বাংলাদেশের ইজহারুল হক মিনার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মাসুম বিল্লাহ হাতপাখা প্রতীক পেয়েছেন।
আজ সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত নারী কাউন্সিলরদেরও প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সব মিলে নারায়ণগঞ্জে এখন উৎসবমুখর পরিবেশ চলছে।























































