পূর্বাশা ডেস্ক:
গত আট বছর ধরেই এমনটা হয়ে এসেছে। এবারও তা-ই হবে নিশ্চিত। কে জানে, হয়তো এর পরের বছরও! বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটা মেসি-রোনালদোর কাছেই থাকবে। এতে দুজনের শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়। আবার এও সত্যি, দুজনের দ্যুতিতে কখনো কখনো আড়ালে চলে যান এমন কেউ, যাঁরও আলো প্রাপ্য ছিল। আন্দ্রেস ইনিয়েস্তা যেমন। অসাধারণ নৈপুণ্য, এমনকি বিশ্বকাপ জেতানো গোল করেও ফিফা বর্ষসেরা বা ব্যালন ডি’অর কোনোটাই জেতা হয়নি ইনিয়েস্তার।
স্যামুয়েল ইতো মনে করেন, ইনিয়েস্তা যে মাপের খেলোয়াড়, দলে তাঁর যে অবদান; তাতে নামের পাশে চারটি ব্যালন ডি’অর থাকা উচিত ছিল। বার্সেলোনার সাবেক এই স্ট্রাইকার বলেছেন, “আমার কাছে মেসি সেরা। ও তো আমার সন্তানের মতো। এই সুন্দর দলটায় ওর যাত্রা শুরুর অংশটা আমার চোখের সামনে ঘটেছে। কিন্তু আমি তার পরও ইনিয়েস্তাকে বেছে নেব। বিশ্ব ফুটবল ওর সঙ্গে অন্যায় করছে। ওর তিনটা, এমনকি চারটা ব্যালন ডি’ওর পাওনা ছিল। ও অবিশ্বাস্য এক খেলোয়াড়।”
শুধু ইতো নয়, এমনটা মনে করেন অনেকেই। কিন্তু পৃথিবীর নিয়মটাই এ-ই। এ কারণে একটা ইটও না গেঁথে তাজমহল বানানোর কৃতিত্ব পান সম্রাট শাহজাহান। কিন্তু এ নিয়ে ইনিয়েস্তার মনে কোনো আক্ষেপ নেই। স্পেনের টিভি চ্যানেল কুয়াত্রোকে বলেছেন, ‘এটা আমাকে বিদ্ধ করে না। বা এটাকে আমি অন্যায়ও ভাবি না। লিও আর ক্রিস্টিয়ানো দুজনেরই এই পুরস্কার প্রাপ্য। প্রত্যেকের নিজস্ব মতামত থাকতে পারে। কিন্তু গ্রেট খেলোয়াড়দের আশপাশে থাকা আর তাদের সঙ্গে লড়াই করতে পারাটাই আমার জন্য অনেক।’

























































