পূর্বাশা ডেস্ক:
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি বিমান বিধ্বস্ত হলে এর ৪৮ আরোহীর সবাই নিহত হয়েছে। বুধবার বিকেলে চিত্রল থেকে রাজধানী ইসলামাবাদ যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়।
পাকিস্তানের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ দুর্ঘটনার কথা স্বীকার করে জানিয়েছে, এ পর্যন্ত ৪৬টি লাশ উদ্ধার করা হয়েছে। সব লাশ ভয়াবহভাবে পুড়ে গেছে। ফলে কাউকে শনাক্ত করা যাচ্ছে না।
পিআইএ’র মুখপাত্র দানিয়েল গিলানি জানিয়েছেন, বিমানটিতে ৪৮ জন যাত্রী, ৫ জন ক্রু সদস্য এবং একজন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন।
যাত্রীদের মধ্যে ৩১ জন পুরুষ, ৯ নারী এবং ২টি শিশু ছিল। এদের মধ্যে একসময়ের সাড়া জাগানো পপসঙ্গীত এবং বর্তমানে তাবলিগি জামায়াত সদস্য জুনায়েদ জামশেদ এবং তার পরিবারও ছিল। যাত্রীদের মধ্যে তিনজন বিদেশীও ছিল।
এটিআর-৪২ বিমানটি স্থানীয় সময় ৩.৩০-এ চিত্রল থেকে রওনা হয়। বিমানটি ৪.৪০-এ ইসলামাবাদের বেনজির ভুট্টো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করার কথা ছিল। কিন্তু অ্যাবোটাবাদের কাছে হ্যালিয়ানে সেটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার আগে কন্ট্রোল টাওয়ারে সতর্ক সঙ্কেত পাঠানো হয়েছিল।
পিআইএ চেয়ারম্যান আজম সাইগল বুধবার রাতে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বিমানে থাকা সবাই নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি। তিনি জানান, গত অক্টোবরে বিমানটি পরীক্ষা করা হয়েছিল। তখন কোনো ত্রুটি পাওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।
তিনি বলেন, বিমানটির পাইলটের ১২ হাজার ঘণ্টা উড্ডয়নের অভিজ্ঞতা ছিল।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিন ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
উদ্ধারকাজে সেনাবাহিনী মোতায়েন করা হয়।


























































