মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ড্র নিয়ে মাঠ ছাড়ল রিয়াল মাদ্রিদ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১২.২০১৬

95edb4f1dc4d646ab87682546ef15bc9-real-madrid

ডেস্ক রিপোর্টঃ

দুই গোলে এগিয়ে গিয়েও ম্যাচটা শেষ পর্যন্ত জিততে না পারাটা বড় বেদনার। সেই বেদনাই এখন বয়ে নিয়ে বেড়াচ্ছেন রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। জিনেদিন জিদানের এই বেদনা আর বেশি। তিনি বেদনার্তই কেবল নন, বড় বিরক্তও। নিশ্চিত জেতা ম্যাচ হাতছাড়া হতে দেখলে কোন কোচ বিরক্ত না হয়ে থাকতে পারেন!

বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র চ্যাম্পিয়নস লিগে নিজেদের গ্রুপের শীর্ষে থাকতে দিল না রিয়াল মাদ্রিদকে। ম্যাচ শেষে জিদান তাই বিরক্তি লুকানোর কোনো চেষ্টাই করলেন না। ম্যাচটা অন্যভাবে হেরে গেলেও হয়তো এতটা রাগ হতো না তাঁর। একটু যে গা এলানো ভাব পেয়ে বসেছিল দলকে। কিন্তু ফুটবলে দুটি গোল হতে দুই মিনিটই লাগে, সদাসতর্কতার সেই পাঠ তাই আবারও মনে করিয়ে দিলেন এই সাবেক ফরাসি তারকা।
জিদান বলেছেন, ‘যখন ম্যাচের দ্বিতীয়ার্ধে নিজের দলকে এমন খেলতে দেখবেন, ক্ষুব্ধ না হয়ে আপনি কোথায় যাবেন। ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি আমাদের ছিল। কিন্তু সেটি শেষ পর্যন্ত হারিয়ে ফেলেছি। এটি ফুটবল। ফুটবলে শেষ পর্যন্ত খেলা ধরে রাখতে হয়। খেলাটিতে কোনো ভুলের জায়গা নেই।’
করিম বেনজেমার দুই অর্ধের গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল ২-০ গোলে। দ্বিতীয়ার্ধে পিয়েরে-এমেরিক অবামেয়াং গোল করে ব্যবধান কমানোর পর ম্যাচের ৮৮ মিনিটে মার্কো রিউসের গোল হৃদয় ভেঙে যায় মাদ্রিদ সমর্থকদের।
দুই গোলে এগিয়ে যাওয়ার পর তৃতীয় গোলটি রিয়াল করতেই পারত। ম্যাচ শেষে জিদানের আফসোস হচ্ছে এটি নিয়েই, ‘আমরা তৃতীয় গোল করার জন্য অনেকগুলো সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু গোল করতে পারিনি। গোল তো করতে পারিইনি, উল্টো ডর্টমুন্ডকে সুযোগ করে দিয়েছি ম্যাচে ফেরার। গ্রুপের শীর্ষস্থানটা তাদের প্রাপ্য ছিলই। তারা দেখিয়েছে কতটা শক্তিশালী দল তারা।’
রিয়ালের কাছে ডর্টমুন্ড অবশ্য পুরোনো এক দুঃখের নাম। লেভানডফস্কির সেই ‌’লণ্ডভন্ডস্কি’র রাতে ৪ গোলে উড়ে গিয়েছিল রিয়াল। ২০১২-১৩ মৌসুমের সেমিফাইনালে। এই ম্যাচের কারণে আসলে আড়ালে চলে গেছে সেবারের গ্রুপ পর্বের কথা।
সেবার গ্রুপ পর্বেও কিন্তু রিয়ালকে সেরা হতে দেয়নি ডর্টমুন্ড। নিজেদের মাঠে রিয়ালকে হারানোর পর বার্নাব্যুতে ঠিক ২-২ ড্র। অবশ্য সেবার ডর্টমুন্ড এগিয়ে ছিল ২-০ গোলে। এবার হলো উল্টোটা।
গ্রুপে দ্বিতীয় হওয়ায় অবশ্য একটা লাভ হয়েছে রিয়ালের। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) কিংবা বায়ার্ন মিউনিখের মতো প্রতিপক্ষকে এড়াতে পারছে তারা। তবে রিয়ালের সঙ্গে জুভেন্টাসের খেলা পড়ার সম্ভাবনা আছে। ড্রটা ভালো হলো নাকি খারাপ এ আলোচনায় অবশ্য যেতেই চান না জিদান, ‘আমি ড্র চাইনি। জিতে গ্রুপের শীর্ষে থেকেই শেষ ষোলোতে যেতে চেয়েছিলাম। সত্যি বলতে কি, সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে জুভেন্টাসকেও চাইনি। কিন্তু এখন কিছুই করার নেই।’
ম্যাচটা জিততে না পারলেও টানা ৩৪ ম্যাচে হার না মানার নিজেদের পুরোনো রেকর্ডটা ছুঁয়ে ফেলল জিদানের রিয়াল। এখন তো সুযোগ আছে দুই যুগেরও বেশি পুরোনো রেকর্ডটা ভেঙে দেওয়ার। এও তো অনেক বড় একটা অর্জন। কাল দুই গোল করে চ্যাম্পিয়নস লিগে ৫০ গোলের মাইলফলক ছুঁয়েছেন করিম বেনজেমা। সূত্র: রয়টার্স।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি