শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে নতুন বিনিয়োগ নেই, বন্ধ ১৫ কারখানা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১২.২০১৬

235359kalerkantho-08-12-16-ns-01

পূর্বাশা ডেস্ক:

চট্টগ্রামে ডায়িং কারখানাগুলো চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছে না। ডায়িং কারখানা স্থাপনে অত্যাবশ্যকীয় উপাদান গ্যাসের সংকটের কারণে থমকে আছে চট্টগ্রামের ডায়িং শিল্প।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) তথ্য মতে, শুধু গ্যাস সংকটের কারণে গত ছয় বছরে চট্টগ্রামের ডায়িং শিল্পে নতুন কোনো বিনিয়োগ আসেনি। আবার নানা সমস্যা এবং সীমাবদ্ধতার কারণে এই সময়ে ১৫টি ডায়িং কারখানা বন্ধ হয়ে গেছে। বিকেএমইএ সংশ্লিষ্টরা বলছে, যথেষ্ট সম্ভাবনা থাকা সত্ত্বেও শুধু গ্যাস সংকটের কারণে এই শিল্পটি স্থবির হয়ে গেছে।

চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সূত্রে জানা যায়, প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত শত শত প্রতিষ্ঠান শুধু গ্যাস সংযোগের অভাবে উৎপাদনে যেতে পারছে না। চট্টগ্রামে ৫০০ ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে মাত্র ২২০ ঘনফুট। গ্যাস সংকটের কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ আছে সব ধরনের গ্যাস সংযোগ। এ সংকট সমাধানে বিনিয়োগকারীরা বিভিন্ন সময়ে নানা উদ্যোগ নিয়েছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের কাছে (কেজিডিসিএল) চিটাগং চেম্বার থেকে বিভিন্ন সময়ে সুপারিশ পাঠানো হয়েছে। এ ছাড়া মেট্রোপলিটন চেম্বার, বিকেএমইএ ও বিটিএমইএ প্রধানমন্ত্রী, উপদেষ্টা, জ্বালানিমন্ত্রী, পেট্রোবাংলা সচিবের কাছে এ বিষয়ে চিঠি দিয়েছে। কিন্তু কোথাও থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। তত্ত্বাবধায়ক সরকার আমলের শেষদিকে চট্টগ্রামের বিনিয়োগকারীদের চাপের মুখে নতুন সংযোগের ওপর বিধিনিষেধ শিথিল করা হয়। তখন চট্টগ্রামের বিভিন্ন শিল্পে সংযোগ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করে তাদের কাছ থেকে জামানত নেওয়া হয়। সংযোগ দেওয়ার ব্যাপারে গ্যাস বিতরণ কর্তৃপক্ষের সম্মতিপত্র নিয়ে কারখানা স্থাপন করেছে উদ্যোক্তারা। এরপর ক্যাপিটাল মেশিনারিও আমদানি করে। কিন্তু গ্যাস সংযোগ না পাওয়ায় উৎপাদনে যেতে পারছে না অনেকেই।

এ প্রসঙ্গে কেজিডিসিএলের মহাব্যবস্থাপক প্রকৌশলী খন্দকার মতিউর রহমান (পরিকল্পনা ও উন্নয়ন) কালের কণ্ঠকে বলেন, ‘গ্যাস সংযোগ আবার চালুর ব্যাপারে কোনো ধরনের নির্দেশনা এখনো আসেনি। ’

বিকেএমইএ চট্টগ্রাম অফিস সূত্রে জানা যায়, গ্যাস সংকটের কারণে চট্টগ্রামে ছয় বছর ধরে ডায়িং ইন্ডাস্ট্রিতে নতুন বিনিয়োগ নেই। তৈরি পোশাক শিল্পের অন্যতম খাত হলেও নানা সংকটে চট্টগ্রামে এ শিল্পের প্রসার ঘটেনি। উপরন্তু গ্যাস সংকট, নতুন করে সংযোগ না দেওয়া ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবে গত ছয় বছরে বন্ধ হয়েছে ১৫টির বেশি ডায়িং ইন্ডাস্ট্রি, নানা সংকটে এ সময়ের মধ্যে বন্ধ হয়েছে ১৫টি প্রতিষ্ঠান। আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠান চাহিদা অনুযায়ী গ্যাসের অভাবে কাঙ্ক্ষিত উৎপাদনে যেতে পারছে না।

চট্টগ্রামে ডায়িং শিল্প বিকাশ না হওয়ার পেছনে বর্জ্য ব্যবস্থাপনায় কেন্দ্রীয় এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (সিইটিপি) বাস্তবায়ন না হওয়াও একটি বড় সমস্যা। ব্যয়বহুল ইটিপি বাস্তবায়ন অনেক বিনিয়োগকারীর পক্ষে সম্ভব হয়ে ওঠে না।

এর প্রভাব পড়ছে রপ্তানিতে। ব্যবসায়ীরা জানায়, ১০ বছর আগেও চট্টগ্রাম থেকে মোট জাতীয় রপ্তানির প্রায় এক-তৃতীয়াংশ পণ্য যেত। কিন্তু গ্যাস সংকট, জমির অপ্রতুলতাসহ নানা সংকটে এখন তা ১০ শতাংশের নিচে নেমে এসেছে। দারুণ সম্ভাবনা থাকা সত্ত্বেও দিন দিন এভাবেই পিছিয়ে পড়ছে চট্টগ্রাম।

এ প্রসঙ্গে বিকেএমইএ চট্টগ্রাম অঞ্চলের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এবং প্রিসিশান নিটিং সিস্টেমের ব্যবস্থাপনা পরিচালক শওকত ওসমান কালের কণ্ঠকে বলেন, ‘বেসিক কারখানা হিসেবে ডায়িং শিল্পের যথেষ্ট সম্ভাবনা আছে চট্টগ্রামে। কিন্তু মূল সমস্যা হচ্ছে গ্যাস সংকট। এ ক্ষেত্রে ফার্নেস অয়েল বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে। কিন্তু এ জন্য বিশেষ ভর্তুকি দিয়ে ফার্নেস তেলকে ব্যবসায়ীদের হাতের নাগালে আনতে হবে। এ ছাড়া ইটিপি সমস্যাও একটা বড় সমস্যা। ইটিপি স্থাপনে যে বিপুল ব্যয় হয় তা বহন করা অনেক মালিকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। ’ এ ক্ষেত্রে ডায়িং শিল্পকে একটি নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে নিয়ে আসার দাবি জানান শওকত ওসমান। তিনি আরো বলেন, ‘মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অনেকেই জমি বরাদ্দ নিচ্ছে। আমরা সেখানে ডায়িং শিল্পের জন্য একটি আলাদা জমি বরাদ্দের দাবি জানাই। শিগগিরই আমাদের সংগঠনের পক্ষ থেকে বেজা বরাবর আনুষ্ঠানিক দাবি জানাব। ’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি