স্টাফ রিপোর্টারঃ
নারী জাগরণ ও আর্থ সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসাবে পাওয়া ‘বেগম রোকেয়া পদক’ পেয়েছেন বাংলা ভাষার প্রথম প্রস্তাবক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি অ্যারোমা দত্ত। তিনি কুমিল্লার বাসিন্দা।
ওসমানী স্মৃতি মিলনায়তনে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তিনি এই পদক নেন।
পদকে নেওয়ার পর তিনি বলেন, “এই পুরস্কার সব সংগ্রামী, সকল নারীদের। আমি শুধু বাহক। আমার কোনো অর্জন নাই। আমি আমার এই সন্মান, এই পদক, উনাদের পায়ে তুলে দিলাম। কারণ উনারাই আজকে আমাদের দেশকে গৌরবান্বিত করেছেন। জীবনে কখনো ভাবতে পারি নাই, আমি বেগম রোকেয়া পদক পাব। এই কথা গল্পের মতো আমার কাছে। আমি অত্যন্ত গর্বিত।”রোকেয়া পদক পাওয়ায় গ্রামবাংলার প্রতিটি নারীর মুখে হাসি ফোটাতে আরও বেশি কাজ করার দায়িত্ব অনুভব করার কথাও বলেন তিনি।
অ্যারোমা দত্ত জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য। ১৯৮০ সাল থেকে তিনি প্রত্যন্ত অঞ্চলে নারী জাগরণ ও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে আসছেন। বর্তমানে আছেন বেসরকারি সংস্থা প্রিপ ট্রাস্টের নির্বাহী পরিচালক পদে।
অ্যারোমা দত্তের দাদা ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদে প্রথম বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদার দাবি তুলে ধরেছিলেন। ধীরেন্দ্রনাথের সঙ্গে তার এক ছেলে দিলীপ দত্তকেও পাকিস্তানি হানাদার বাহিনী একাত্তরে হত্যা করে।
মুক্তিযুদ্ধের সংগঠক অ্যারোমার বাবা ছিলেন প্রখ্যাত সাংবাদিক সঞ্জীব দত্ত, যিনি পাকিস্তান ও বাংলাদেশ অবজারভারের দ্বিতীয় শীর্ষ পদে কাজ করেছেন।
মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হিসাবে তিনি মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অস্তিত্বকে সামনে এগিয়ে নিয়ে যেতে শেখ হাসিনার সহায়তা চান। সেই সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ‘প্রণাম’ এবং একাত্তরে জীবন বাজি রেখে যুদ্ধ করা সকল নারী-পুরুষ মুক্তিযোদ্ধার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দাদা ধীরেন্দ্রনাথ দত্ত, বাবা সঞ্জীব দত্ত ও কাকা দিলীপ দত্তকে স্মরণ করে অ্যারোমা বলেন, “উনারা দূরে কোথাও থেকে নিশ্চয়ই আনন্দ অশ্রু ফেলছেন। আমার প্রাণপ্রিয় শেখ হাসিনা আপাকে সর্বদা আশির্বাদ করছেন।”
৯২ বছর বয়সী মা প্রতীতী দেবী এখন আর বিছানা থেকে উঠে নিজে বের হতে পারেন না। তিনিও যে নিজের ঘরে টেলিভিশনে মেয়ের পদক দেওয়া দেখছেন- সে কথাও সবাইকে জানান ৬৬ বছর বয়সী অ্যারোমা।
প্রয়াত বেবী মওদুদকে স্মরণ করে তিনি বলেন, “তিনি আমাকে উদ্বুদ্ধ করেছেন বারবার, আকাশে বাতাসে, মাটিতে, পানিতে সর্বত্র সর্বক্ষেত্রে মহীয়সী নারী বেগম রোকেয়াকে পৌঁছে দিতে। আমি শুধু আপ্রাণ চেষ্টা করেছি।”
পদক পাওয়ায় নিজের দায়িত্ব অনেক বেড়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, “আমি আজকে পরম শ্রদ্ধাভরে প্রণাম জানাই সেই গ্রামের লাখো মহিলাদের, যারা আমার অসহনীয় যন্ত্রণাকে শক্তিরূপে পরিণত করতে সাহায্য করেছেন এবং কাজে আমাকে সম্পৃক্ত করেছেন। উনারা একেকজন নিজেরাই বেগম রোকেয়া। যারা ঘরে ও বাইরে যুদ্ধ করে বাংলাদেশের ভাবমূর্তি সম্পূর্ণ বদলে দিয়েছেন। দেশের উন্নয়নধারাকে ক্রমাগত সামনে টেনে নিয়ে যাচ্ছেন। আমি উপলক্ষমাত্র। উনারা আমার গর্ব, উনারা আমার অস্তিত্ব। আমার দায়িত্ব অনেক বেড়ে গেল।”
এ বছর অ্যারোমা দত্তের সঙ্গে শিক্ষিকা বেগম নূরজাহানও বেগম রোকেয়া পদক পেয়েছেন।


















































