ডেস্ক রিপোর্ট ঃ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর জন্য দুটি শাড়ি বানিয়েছেন দলের আলোচিত নেতা শামীম ওসমান। তিনি চান, এই শাড়ি পড়েই আইভী নির্বাচনী প্রচারে নামুক। বলেন, আইভী তার বোন, ভাইয়ের দেয়া শাড়ি পড়ে তিনি প্রচারে নামলে মনে হবে তিনি নিজেও প্রচারে আছেন।
শুক্রবার বিকালে নরায়ণগঞ্জে এক সংবাদ সম্মেলনে একটি শাড়ি দেখান তিনি। সাদা রঙের ওই তাঁতের শাড়ি পাড় লাল-সবুজের। আর জমিনে সুতায় কাজ করা নৌকার প্রতিকৃতি রয়েছে।
শামীম ওসমানের ঘনিষ্ঠ একজন জানান, নারায়ণগঞ্জের বিখ্যাত তাঁত শাড়ির দোকান ‘রঙ’ থেকে বানিয়ে এনেছেন। তিনি সংবাদ সম্মেলনে একটি শাড়ি দেখালেও শাড়ি বানিয়েছেন দুটি।
আইভীর সঙ্গে শামীম ওসমানের বিরোধ দীর্ঘ দিনের। নানা সময় দুই জন একে অন্যকে আক্রমণ করে কথা বলেছেন। কেবল একে অন্যের সমালোচনা করেছেন-তা নয়, পূর্বপুরুষদেরকেও নানা সময় আক্রমণ করে কথা বলেছেন।
একই দলের নেতা হয়েও ২০১১ সালে একে অন্যের বিরুদ্ধে নির্বাচন করেছেন আইভী ও শামীম। বেসরকারি টেলিভিশনের সংবাদ সম্মেলনে উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়েছে দুই নেতার মধ্যে। এবারের নির্বাচনে সিটি আওয়ামী লীগের পক্ষ থেকে যে তিন জনের নাম কেন্দ্রে পাঠানো হয়েছিল তাতে আইভীর নাম ছিল না। এর জন্য শামীম ওসমানকেই দায়ী করেছিলেন আইভী।
মনোনয়ন পাওয়ার পর আইভী ও শামীমকে গণভবনে ডেকে নিয়ে এক হয়ে প্রচারে নামার নির্দেশ দেন শেখ হাসিনা। কিন্তু এখন পর্যন্ত দুই পক্ষ নারায়ণগঞ্জে এক হয়ে প্রচারে নামেনি। এ নিয়েই সংবাদ সম্মেলন করেন শামীম ওসমান। বলেন, আগামীকাল (শনিবার) থেকে সবাই একসঙ্গে নামবে প্রচারে।
তবে নিজে সংসদ সদস্য হওয়ায় প্রচারে নামার ক্ষেত্রে আইনি বাধা রয়েছে শামীম ওসমানের। সেটা তিনি সংবাদ সম্মেলনে বলেনও। এই পর্যায়ে তিনি সুতির শাড়িটি দেখিয়ে জানান, তিনি আশা করছেন, আইভী এই শাড়ি পড়েই নির্বাচনী প্রচারে নামবেন।
শামীম ওসমান বলেন, ‘এই শাড়ি দুটো আমি আমার বোনকে (আইভী) দিব। আমি তো নির্বাচনের প্রচারে নামতে পারবো না। বোন এই শাড়ি পরে প্রচারে নামবে। আর মনে হবে ভাই তাঁর পাশে আছে।’ আইভী বরাবর সুতির শাড়ি পড়তে পছন্দ করেন। আর সাদা রঙের শাড়ির প্রতিও আইভীর বিশেষ দুর্বলতা রয়েছে। শামীম আশা করেন তার এই উপহার পছন্দ হবে আইভীর।























































