ডেস্ক রিপোর্টঃ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থীরা পক্ষে গণসংযোগ ও প্রচার প্রচারণায় স্থানীয় নেতাকর্মী ও সর্মথকদের আরো বেশী সম্পৃক্ত করতে এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দলের প্রার্থীর পক্ষে ভোট চাইতে বিএনপির কেন্দ্রীয় নেতারা দফায় দফায় নারায়ণগঞ্জ যাচ্ছেন।
বিএনপি নেতাদের সঙ্গে থাকছেন ২০ দলীয় জোটের নেতরাও। তারাও ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খানের পক্ষে প্রচারপ্রচারণায় অংশ নিচ্ছেন। বিএনপি আগেই বলেছে নাসিক নিবার্চনকে তারা টেষ্ট কেস হিসেবে নিয়েছে। যেহেতু এই নির্বাচনটি বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ পর্যায়ের। তাই বিএনপি সরকার নির্বাচন কমিশনের ভূমিকা এখানে কী দাঁড়ায় তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি। এলক্ষ্যে নির্বাচনী এলাকায় ও কেন্দ্রীয় পর্যায়ে নিয়ন্ত্রণ সেল গঠন করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে বিএনপি পক্ষে নিবার্চনের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়া ২০ দলীয় জোটের পক্ষে সমন্বয় করছেন জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার ও সদস্য সচিব ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। এছাড়া বিএনপির কেন্দ্রীয় সদর দপ্তরে একটি মনিটরিং সেলও কাজ করছে।
নাসিক নিবার্চন নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সেখানে যদি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় ভোটারা যদি ঠিকমত তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে বিএনপির প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে। নিবার্চনী প্রচারণায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নারায়ণগঞ্জ যাবেন কিনা এবিষয়ে তার দৃষ্টি আর্কষণ করা হলে তিনি বলেন, এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে কিনা আমি জানি না। এটা আপনারা শুনলে শুনতে পারেন।
এদিকে নাসিক নির্বাচনে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানের পক্ষে প্রচার চালাতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের একাংশ শনিবার সকালে নারায়ণগঞ্জে গেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীদের নেতৃত্বে নেতারা সেখানে যান। এর আগে বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ দলের শীর্ষস্থানীয় কয়েকজন নেই নারায়ণগঞ্জ সফর করে এসেছেন। তবে এটাই দলের মহাসচিবের প্রথম সফর। তার সঙ্গে ২০ দলের শরিক দলের নেতারাও আছেন।
আগামী ২২ ডিসেম্বর ভোটকে সামনে রেখে নারায়ণগঞ্জে এখন চলছে জমজমাট প্রচার প্রচারণা। প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী এবং বিএনপির সাখাওয়াত হোসেন খানের সমর্থকরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের মন জয়ে চালাচ্ছেন প্রচার। প্রচারণার কাজে এবং নিজেদের পক্ষে ভোট চাইতে দলের প্রার্থীরা বসে নেই। তাদের কাছে দিনরাত এখন সমান। ভোটারদের দ্বারে দ্বারে ঘুর ছেন প্রতিটি মুর্হুত।
মন্ত্রী বা সংসদ সদস্যদের এই স্থানীয় সরকার নির্বাচনের প্রচারে অংশ নিতে আইনি বাধা থাকলেও বিএনপি সংসদের বাইরে থাকায় তাদের দলের কোনো নেতারই এ ক্ষেত্রে কোনো ধরনের আইনি বাধা নেই।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সিদ্ধিরগঞ্জ এলাকায় প্রচারের পাশাপাশি পথসভায় বক্তব্য রাখেন।
নারায়ণগঞ্জ বিএনপির নেতারা বলছেন, নির্বাচনী প্রচারে মহাসচিব ও দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেয়ার ঘটনা তাদের জন্য ইতিবাচক। ভোটের ময়দানে এর প্রভাব পড়বে বলেও আশা করেন বিএনপি নেতারা।
নির্বাচনী প্রচারে জোটর নেতাদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টি মহাসচিব ও ২০ দলের নির্বাচনী প্রচারণা কমিটির সমন্বয়কারী মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীরপ্রতীক, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি, এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, লেবার পার্টি চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ ভাসানী চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, মহাসচিব ও ২০ দলীয় জোটের নির্বাচনী প্রচারণা কমিটির সদস্য সচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, বিজেপি ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মতিন সাউদ, ইসলামী ঐক্যজোট মহাসচিব মাওলানা আবদুল করিম, মুসলিম লীগ মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, ডিএল সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, ইসলামিক পার্টি মহাসচিব মো. আবুল কাশেম, জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা মুফতী মুহিউদ্দিন ইকরাম, পিপলস্ লীগ মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন প্রমুখ।























































