পূর্বাশা ডেস্ক:
বঙ্গভবনে সাত পদের খাবার দিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের প্রতিনিধিদের আপ্যায়ন করা হয়েছে।
রোববার নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিতে বিকাল সাড়ে চারটার দিকে বঙ্গভবনে যায় বিএনপি। দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে নীতিনির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির ১০ জন সদস্য সেখানে উপস্থিত ছিলেন। ইসি গঠন বিষয়ে প্রায় ঘণ্টাব্যাপী বিএনপির সঙ্গে রাষ্ট্রপতির এই সংলাপ অনুষ্ঠিত হয়। এ সময় তাদের আপ্যায়ন করা হয়।
রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন বলেন, বঙ্গভবনে বিএনপির প্রতিনিধিদলকে প্রথমে ফলের শরবত দেয়া হয়। পরে কাজুবাদাম, চিকেন পেটিস, ফিসফিঙ্গার, চিকেন স্যান্ডউইচ, গুড়ের সন্দেশ ও শেষে চা এবং কফি দিয়ে আপ্যায়ন করা হয়।
জয়নাল আবেদীন বলেন, কুশল বিনিময়ের সময় রাষ্ট্রপতি খালেদা জিয়াকে বলেছেন, ‘আগে তো সংসদে দেখা হতো। এখন আমি রাষ্ট্রপতি আর আপনিও সংসদের বাইরে; তাই আর দেখা হচ্ছে না।’























































