ডেস্ক রিপোর্টঃ
মন্ত্রিসভায় রদবদল আসন্ন! আগামী বছরের ৫ জানুয়ারি সরকারের ৩ বছর পূর্তিতে মন্ত্রিসভায় রদবদল করা হচ্ছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য কয়েকটি সূত্র।
পূর্বপশ্চিমকে সূত্রগুলো নিশ্চিত করেছে, ইতোমধ্যে মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে কারা আসতে পারেন তাদের একটি প্রাথমিক তালিকাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেবিলে জমা দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে সম্ভাব্য ১৪ জনের একটি তালিকা জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থার সূত্রটি। তবে তালিকায় কাদের নাম রয়েছে সে বিষয়ে মুখ খুলতে রাজি হয়নি সূত্রটি।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী পূর্বপশ্চিমকে এ বিষয়ে বলেন, আওয়ামী লীগের ২০তম সম্মেলন শেষ হওয়ার পরই পরই বর্তমান মন্ত্রিসভা রদবদলের চিন্তাভাবনা শুরু হয়। মন্ত্রিসভায় নতুন করে যোগ দিতে পারেন ৫ জন। তাদের মধ্যে ৩ জন নারীকে প্রতিমন্ত্রী করা হতে পারে। এছাড়া কয়েকজন মন্ত্রীর পদোন্নতি হতে পারে। এমনকি কয়েকজন হেভিওয়েট মন্ত্রী বাদও পড়তে পারেন।
তিনি আরো বলেন, বর্তমান মন্ত্রিসভা থেকে যারা বাদ পড়বেন তাদেরকে দলের প্রেসিডিয়ামে ঠাঁই দেওয়া হতে পারে।
উল্লেখ্য, আওয়ামী লীগের সর্বশেষ ২০তম জাতীয় সম্মেলন শেষে ৮১ সদস্যের নতুন কমিটির মধ্যে ৩টি প্রেসিডিয়াম ও ১টি নির্বাহী সদস্য পদ ছাড়া সব পদেই দলের ত্যাগীদের স্থান দেওয়া হয়েছে বলে মনে করে আওয়ামী লীগের হাই কমান্ড। নতুন কমিটি আর একটি শক্তিশালী মন্ত্রিপরিষদ নিয়ে সামনের নির্বাচনী বৈতরণী পার হতে চায় সরকার। নবীন আর প্রবীণের ভারসাম্য বজায় রেখে কীভাবে একটি সরকারের লক্ষ্য পূরণ করা যায় সে ভাবনা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
তবে বর্তমান মন্ত্রিপরিষদ রদবদলের ক্ষেত্রে রাষ্ট্রপতির পরামর্শ নেবেন বলে নির্ভরযোগ্য সূত্রে আভাস পাওয়া গেছে।
রদবদলে কাকে রাখবেন আর কাকে বাদ দেবেন তা একান্তই প্রধানমন্ত্রীর নিজস্ব ব্যাপার। কিন্তু এ ক্ষেত্রে মন্ত্রিপরিষদের সদস্যদের কার্যক্রম মূল্যায়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে কয়েকটি মন্ত্রণালয় পরির্দশন করেছেন। এমনকি, কোনো কোনো মন্ত্রণালয় একাধিকবার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বেশ কিছু নির্দেশনা দেন। সে সব নির্দেশনার বাস্তবায়ন কতটুকু হয়েছে তা তিনি পরখ করতে চান। এরই ভিত্তিতে মূল্যায়ন করা হচ্ছে মন্ত্রীদের পারফরম্যান্স।
মন্ত্রিসভায় নতুন মুখের ব্যাপারে দলের প্রতি অনুগত এবং ক্লিন ইমেজের নেতাদেরই মূল্যায়ণ করা হবে বলে নিশ্চিত করেছে আওয়ামী লীগের সংশ্লিষ্ট একটি সূত্র।
জানা গেছে, কোনো কোনো মন্ত্রীর পারফরম্যান্সে তিনি বেশ কিছুটা অসন্তুষ্ট। আবার কারো পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট। পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর ব্যাপারে তিনি সন্তুষ্ট। এ দু’জনেই দেশের ভাবমূর্তি ও কূটনৈতিক তৎপরতায় বেশ সাফল্য দেখিয়েছেন। আবার কোনো কোনো মন্ত্রীর কার্যক্রমে দলের ভাবমূর্তি বেশ কিছুটা ক্ষুণ্ণ করেছে। এই সব বিবেচনায় কে বাদ পড়বেন আর থাকবেন তা প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করছে।
তবে বর্তমান খাদ্য ও দুর্যোগমন্ত্রীর দফতর রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আভাস পাওয়া গেছে। কিন্তু তাই বলে মন্ত্রিপরিষদ থেকে বাদ যাচ্ছেন না। কারণ তাদের রাজনৈতিক জীবনের ত্যাগের বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে বিবেচনায় রয়েছে। বর্তমান তথ্যপ্রযুক্তি ও ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর মতো নবীনদের মন্ত্রিপরিষদে আনার ব্যাপারে প্রধানমন্ত্রী বেশ আগ্রহী ও আন্তরিক বলে আভাস পাওয়া গেছে।


























































