রাজধানীর যাত্রাবাড়ীর একটি হোটেলে চুলায় আগুন ধরানোর সময় দগ্ধ হয়েছেন দুই হোটেল কর্মচারী। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী মোড়ের মায়ের দোয়া হোটেলে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, আমির (১৯) ও হাসান (২৮)। তাদেরকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
দগ্ধ আমির হোসেন জানান, কয়লায় কেরোসিন ঢেলে আগুন জ্বালানোর সময় তাদের শরীরে হঠাৎ আগুন ধরে যায়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তারা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।























































