শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নতুন বছরে আ.লীগের লক্ষ্য সংসদ নির্বাচনের প্রস্তুতি


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১২.২০১৬

awamileague-logo-2

ডেস্ক রিপোর্টঃ

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়াই ২০১৭ সালে আওয়ামীলীগের প্রধান লক্ষ্য। যদিও জাতীয় সংসদ নির্বাচন আসতে এখনও দুই বছর বাকি। তবে নির্বাচনকেন্দ্রিক সম্পূর্ণ ‘গ্রাউন্ড ওয়ার্ক’ শেষ করে ফেলতে চায় দলটি।

আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায়ের নেতারা জানান, আগামী বছর নতুন উদ্যোমে কাজ শুরু করবে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকা দলটি। এজন্য নতুন বছরে সংগঠন গোছানো, কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত সংগঠনের অভ্যন্তরীণ দলাদলি দূর করা, সাংগঠনিক সফরে বের হয়ে ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের চাঙ্গা করার মতো কর্মসূচি নিয়ে এগিয়ে যাবে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা মনে করেন, দল টানা ক্ষমতায় থাকার ফলে সংগঠন অনেকাংশে অসংগঠিত হয়ে পড়েছে। নির্বাচনের আগেই তাই দলকে গুছিয়ে নিতে হবে। দলে টানাপড়েন রেখে নির্বাচন মোকাবিলা করা এবং তাতে বিজয় ছিনিয়ে আনা কষ্টসাধ্য কাজ হবে। নির্বাচনে দলের সর্বশক্তি প্রয়োগ করবে আওয়ামী লীগ। এজন্যই আসছে বছর দলের প্রতিই বেশি গুরুত্ব থাকবে ক্ষমতাসীনদের।

আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায়ের অন্তত ছয় জন নেতা জানান, আগামী বছর দলের লক্ষ্য একটাই। তা হলো জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করা। নির্বাচনকে অগ্রাধিকার হিসেবে নিয়েই এ কাজগুলো করা হবে।

নির্বাচনকেন্দ্রিক কাজের পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের দৃষ্টিগোচর করতে নতুন বছরে কাজ করবে আওয়ামী লীগ। এছাড়া দলের ২০তম সম্মেলনে স্বাগত বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে থাকা গৃহহীনদের তালিকা করার নির্দেশনা দিয়েছিলেন। এই তালিকার কাজটিও সম্পন্ন করবে আওয়ামী লীগ। ভোট বাড়াতে সরকারের এই উদ্যোগ ফলপ্রসূ হবে বলে মনে করছে দলটি।

নতুন বছরের লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নতুন বছরে দলকে চাঙ্গা করার দিকে বেশি মনযোগ থাকবে আওয়ামী লীগের। আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো একাদশ সংসদ নির্বাচনে জয়ী হওয়া। এ লক্ষ্য পূরণ করতে হলে দলকে সেভাবে সংগঠিত করতে হবে।’ নির্বাচন আর দল গোছানো নিয়েই আগামী বছরে আওয়ামী লীগ ব্যস্ত থাকবে বলে মন্তব্য করেন তিনি।

জানা গেছে, বছরজুড়ে সৎ, যোগ্য, মোধাবী, সাহসী ও জনপ্রিয় প্রার্থী বাছাই করবে আওয়ামী লীগ। নীতি-নির্ধারকরা জানান, বতর্মান সংসদ সদস্য হিসেবে যারা আছেন তাদের মধ্য থেকে অন্তত অর্ধেককে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে আর মনোনয়ন দেওয়া হবে না। এসব আসনের জন্য তাই জনপ্রিয় মুখ এ বছরের মধ্যেই খুঁজে বের করা হবে। পাশাপাশি রাজনৈতিক বিরোধী শক্তিকে মোকাবিলা করার মতো শক্তিশালী সংগঠনও এ বছরই গড়ে তোলা হবে। এর জন্য তৃণমূল পর্যায় থেকে বাছাই করা হবে সাহসী নেতৃত্ব।

কেন্দ্রীয় নেতারা জানান, দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে দলের রাজনৈতিক কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে। নতুন বছর সেই স্থবিরতা কাটিয়ে তোলার লক্ষ্য নিয়েছে আওয়ামী লীগ। এর জন্য কয়েকটি দলে বিভক্ত হয়ে সারাদেশ সফরে বের হবেন কেন্দ্রীয় নেতারা।

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেন, ‘নতুন বছরে আওয়ামী লীগের অন্যতম লক্ষ্যই হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্যে দলকে উপযোগী করে তোলা। সেই লক্ষ্যে দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করা হবে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি