পূর্বাশা ডেস্ক: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে সাতটা চল্লিশ মিনিটের দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডা. বিমল চন্দ্র রায় জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।
শনিবার সন্ধ্যায় দুর্বৃত্তরা তার বৈঠকখানায় ঢুকে গুলি করে পালিয়ে যায়। এসময় মঞ্জুরুল ইসলামের বুকে ও হাতে গুলি লাগে। এরপর তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তিন যুবক একটি মোটরসাইকেলে করে এমপির সুন্দরগঞ্জের বামনডাঙ্গার বাড়িতে যান। তখন মঞ্জুরুল ইসলাম তার বৈঠকখানায় অবস্থান করছিলেন। এ সময় তিনটি গুলির আওয়াজ পাওয়া যায়। এর পরপরই বৈঠকখানা থেকে বের হয়ে ওই যুবকেরা মোটরসাইকেলে করে পালিয়ে যান।
সুন্দরগঞ্জ থানার ওসি জানান, এমপি লিটন তার গ্রামের বাড়িতে কয়েকজনের সাথে গল্প করছিলেন। এসময় মাফলার দিয়ে মুখ ঢাকা কয়েকজন লোক সেখানে এসে গুলি করে পালিয়ে যায়।
উল্লেখ্য, গত বছরের ২ অক্টোবর এমপি লিটনের ছোড়া গুলিতে সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ গ্রামের শিশু শাহাদাত গুলিবিদ্ধ হয় বলে অভিযোগ ওঠে। পরদিন রাতে এমপিকে একমাত্র আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন শাহাদাতের বাবা সাজু মিয়া। ১৪ অক্টোবর রাতে গ্রেফতার হন তিনি। পরে তিনি জামিন পান।


























































