একেবারেই বছরের শেষ দিন। কিংবা গত দুই সপ্তাহের কথাই বিবেচনা করে দেখবেন নববর্ষে জঙ্গি তৎপরতা থাকবে না, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ নবযাত্রায় উন্নয়নের পথে আরো এগিয়ে যাবে, কমবেশি সবার এ আকাঙ্খা দৃঢ় থেকে আরো শক্তিশালী এক বোধে পরিণত হয়েছিল। এরই মধ্যে আশকোনায় নারী জঙ্গি শাকিরা যখন আত্মঘাতি বোমায় নিজেকে উড়িয়ে দিল এবং বছরের সর্বশেষ দিনটিতে একেবারে ফিল্মি স্টাইলে গাইবান্ধায় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে অস্ত্রধারীরা গুলি করে হত্যা করল তখন সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা যে আমাদের পিছু ছাড়েনি তা জলের মত পরিস্কার হয়ে গেল। ইতিমধ্যে লিটনকে কারা হত্যা করেছে সে অভিযোগ তুলতে শুরু করেছেন সরকারি দলের নেতারা। কিন্তু নাগরিক হিসেবে সবাই চাইবেন, হত্যাকারী যেই হোক, যে দলের হোক, তাকে গ্রেফতার করে আইনের শাসনের আওতায় আনা হবে। হত্যাকা-ের সঙ্গে সঙ্গে হত্যাকারী কে তা যদি কোনো রাজনৈতিক নেতা বলে দিতে পারেন, তাহলে তিনি এধরনের হত্যাকা-ের আগে তা যাতে না ঘটে সেজন্যে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেন না কেন?
এখন হত্যাকা-ের সঙ্গে সঙ্গে রাজনৈতিকভাবে দোষারোপ করা হলে পুলিশের পোয়াবারো হয়ে যায়। পুলিশ সন্দেহভাজন অজ্ঞাতনামা একাধিক ব্যক্তিকে গ্রেফতার করে। ফলে সঠিক খাত থেকে তদন্ত সরে যায়। পুলিশ জঙ্গি তৎপরতা রুখে দিতে সারাদেশে হাজার হাজার ব্যক্তিকে গ্রেফতার এর আগেও করেছে, তাদের অধিকাংশই ছাড়া পেয়ে গেছে। আটক বাণিজ্য হয়েছে প্রচুর। পুলিশও সন্তষ্ট, হত্যাকারীরা পার পেয়ে যায় দেখে তারাও সন্তষ্ট। মাঝখান থেকে সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা সবার অগোচরে ডালাপালা গজিয়ে আরো বড় হয়ে যায়। এর পাশাপাশি নানা ধরনের নিপীড়ন-নির্যাতন, নিখোঁজ, গুম, আইন-শৃংখলা রক্ষাবাহিনীর হাতে বিচার বহির্ভূত হত্যাকান্ড চলতে থাকে।
এই চক্র থেকে বের হয়ে আসবে বাংলাদেশ, নববর্ষের এটাই ছিল সকলের চাওয়া। থার্টি ফার্স্টে যারা আকণ্ঠ পান করার সুযোগ পান তারা হয়ত নতুন বছরে আরো সমৃদ্ধশালী হবার নেশায় বুঁদ হয়ে থাকেন। যারা তা না পারেন, কিন্তু কিছুটা আনন্দ করতে চান, নিদেন পক্ষে বন্ধুদের নিয়ে ঘোরাঘুরি, তাও ফের সন্ত্রাসী ও জঙ্গি তৎপরতার খপ্পরে পড়েন কি না তা ভেবে তাদের রাত আটটার মধ্যে বাড়ি ফিরে যেতে বলা হয়। তবুও বাসার ছাদে রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে পটকা থেকে শুরু করে আতশবাজী ফোটে। তারুণ্যের জয়ধ্বনি ওঠে। সেই জয়ধ্বনিকে আমরা সন্ত্রাস ও জঙ্গি তৎপরতার বিরুদ্ধে শক্তিতে পরিণত করতে চাই। এবং আমাদের এ চাওয়া শুধু চাওয়াই থেকে যায়। বছর ঘুরে আসে, বছর চলে যায়, সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা কৌশল পরিবর্তন করে কেবল।
বছরের প্রথম দিনে তাই প্রশ্ন ভবিষ্যতেও এই ধারা কি অব্যাহত থাকবে? তাহলে রাষ্ট্রযন্ত্র ও যেসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে তা কি এই ধারাকে পাল্টে দেয়ার ক্ষমতা রাখে না নাকি রাখতে চায় না। রাজনৈতিকভাবে পারস্পরিক দোষারপের মাঝখানে ভিন্ন ভিন্ন গোষ্ঠীর নানা মানুষের কণ্ঠস্বরগুলো কি তাহলে চাপা পড়ে যাচ্ছে। এভাবে নানা কণ্ঠস্বর চাপা পড়তে থাকলে সরকার ও সরকারি দল ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না। আপাতত শক্তিশালী কোনো বিরোধী দল নেই যে কি না সরকারকে গঠনমূলক অথচ কড়া সমালোচনা করে পথ দেখিয়ে ছাড়বে আর সরকার জনগণের কথা ভেবে সেই পথ অনুসরণ করতে পিছপা হবে না। একবার ভাবুন ক্ষমতাসীন একজন সংসদস্যকে বাসায় ঢুকে সন্ত্রাসীরা গুলি করে মারছে? সেখানে আমি ও আপনি কতটা নিরাপদ?
কিন্তু এই পরিস্থিতি কি একদিনে তৈরি হয়েছে? কোনো অনিয়ম আর আমাদের কাছে অনিয়ম মনে হচ্ছে না। সব সম্ভবের দেশ বাংলাদেশ হয়ে উঠছে? এও কি ভয়ানক এক বার্তা দিচ্ছে না নববর্ষে? চারদিকে সুনসান নিরবতা, যে টুকু অবশিষ্ট আছে উন্নয়ন। এই অস্বস্তিকর নিরব হয়ে থাকা একটি রাষ্ট্রের জন্যে যেমন একজন সংসদ সদস্যকে নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না তেমনি নিরাপত্তা নিশ্চিত করার গ্যারান্টি কারো পক্ষে দেওয়াও সম্ভব হয়ে উঠছে না।
যদি শক্তিশালী বিরোধী দল না থাকে তাহলে কার লাভ, কার ক্ষতি? প্রথম ক্ষতি সরকারের। অবশ্য সরকারকে সঠিক পথ বিরোধীদলগুলো দেখাতে চায় কি না সে নিয়ে ঢের প্রশ্ন রয়েছে? যদি তা না চায়, বিরোধীদল নিশ্চুপ হয়ে থাকে তাহলে তা আরো ভয়ঙ্কর। সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা শাখের করাতের মত, সরকারি দল কিংবা বিরোধী দল তথা জনগণের জন্যে আসতেও কাটে, যেতেও কাটে। রাষ্ট্রযন্ত্র যদি তা দেখে নিশ্চুপ হয়ে থাকে, ভাগবাটোয়ারাকারী পক্ষ বা নিছক উন্নয়নের দাবিদার হয়ে থাকে তাহলে ঘরে ও বাইরে কেউ নিরাপদে কিভাবে থাকতে পারে?
নিরাপদ তখনই থাকতে পারি যখন রাষ্ট্রব্যবস্থার সঙ্গে সাধারণ মানুষের প্রচ- এক সম্পর্ক ও সমর্থনের মধ্যে দিয়ে সামাজিক ও রাজনৈতিকভাবে সন্ত্রাস ও জঙ্গিতৎপরতার বিরুদ্ধে বিরাট এক প্রস্তুতি নেওয়া সম্ভব হয়ে ওঠে। এই প্রস্তুতির আগেই রাজনৈতিক দোষারোপ করে এক ধরনের বিভাজন তৈরি করা হয়েছে। ফলে সন্ত্রাসী ও জঙ্গিরা বিতারিড় না হয়ে তার বিরুদ্ধে যে প্রতিরোধ শক্তির গড়ে ওঠার কথা ছিল তা ভেঙ্গে যাচ্ছে। তাহলে কি রাষ্ট্র জনআকাঙ্খাকে ধারণ করতে পারছে না। পারলে রুটিন মাফিক কিভাবে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ক্রয়ক্ষমতাকে আরো নাজুক করে তোলা হচ্ছে? আহা কোথায় সন্ত্রাস ও কোথায় জঙ্গি তার সঙ্গে তেল, গ্যাস ও বিদ্যুত আসছে কোথা থেকে? আসছে এজন্যেই নিরাপত্তাহীন বোধের সঙ্গে মানুষের সন্ত্রাস ও জঙ্গি তৎপরতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর যে শক্তি ও সাহস দরকার তাও ফিকে হয়ে যাচ্ছে আর্থিক সামর্থহীনতায়।
জনগণ দেখেছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে দেশে বাড়ে, কিন্তু কমলে কমে না। যারা সরকারি চাকরি করেন শুধু তাদের বেতন বাড়ে কিন্তু অন্যান্যের আয় বাড়ে না। তখন তারা এক ধরনের আর্থিক নিস্পেষণের মধ্যে পড়ে যায়। বছর ঘুরলে বাড়ি ভাড়া কত বাড়তে পারে এ চিন্তা তার মাথায় এমন জট সৃষ্টি করে, সেখানে কে সন্ত্রাস করল, কে মরল, কে জঙ্গি তৎপরতায় নাম লেখাল, তা সামাজিক প্রতিনিধি হিসেবে তারও যে একটা পর্যবেক্ষকের ভূমিকা থাকা দরকার তা সে ভুলে যায়। ফলে সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা রুখে দেওয়ার একমাত্র দায়িত্ব ও কর্তব্য হয়ে দাঁড়ায় আইন শৃঙ্খলা বাহিনীর। পেশাগত দায়িত্বের পাশাপাশি একাজে তারা জনগণের সহায়তা বঞ্চিত থাকে, যা পায় তা হচ্ছে রাজনৈতিকভাবে দোষারোপ করে কাউকে ধরিয়ে দেওয়ার এক কুমতলব অথবা নিজেদের সন্ত্রাস আড়াল করার অপচেষ্টা।
এর আগে বিএনপির আমলে যখন সারা দেশে ৬০টি জেলায় একযোগে বোমা হামলাসহ ঘটনা ঘটে তখন অনেকে একে নিছক পটকা বলে দায়সারা গোছের বক্তব্য দিয়েছিলেন। ভাবুন একবার এখন তা আত্মঘাতী নারীজঙ্গির বাহন হয়ে উঠেছে। গরিব থেকে উচ্চবিত্ত ঘরের সন্তানদের জ্িঙ্গ তৎপরতায় টার্গেট করা হয়েছে। নামকরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এ থেকে রেহাই পায়নি। ভিন্ন চিন্তার ব্লগারদের হত্যা করা হয়েছে। এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে দুর্নীতি, গুম, বিদেশি নাগরিক হত্যা ইত্যাদি যা সন্ত্রাসের আরেক রুপকেই সংগঠিত করে তুলছে। এর মাঝখানে বাংলাদেশে আইএস আছে কি নেই তা ডিম আগে না মুরগি আগে এমন প্রশ্ন হয়ে বেশ কিছু দিন ঘুরপাক খেয়েছে। এরপর ঘটে গুলশান হত্যাকা-। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও আইন শৃঙ্খলাবাহিনী মানুষের মাঝে আস্থা সৃষ্টির চেষ্টা করেছে। পাশাপাশি ইরাক, সিরিয়া থেকে আইএস জঙ্গি বিশ্বে নতুন আস্তানা গড়ে তোলার জন্যে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নববর্ষে তাই নিশ্চিন্ত না হয়ে সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা রোধে আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য আরো কঠিন হয়ে যাচ্ছে এ উপলব্ধি ফিরে পাওয়াই এখন যে সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে।























































