ডেস্ক রিপোর্টঃ
জাতীয় রাজস্ব বোর্ডের বেশ কয়েকটি শুল্ক অফিসে ফাইল গায়েব হয়েছে। এ নিয়ে শুল্ক বিভাগে বেশ হৈচৈই পড়ে গেছে। ফাইল গায়েবের পেছনে বৈষয়ক বিষয়টি এখনো উচ্চারিত না হলেও সংশ্লিষ্টরা মনে করছেন, কাউকে শুল্ক সুবিধা দিতে ফাইল গায়েব করা হয়েছে। তাই বলে জাতীয় রাজস্ব বোর্ড চুপচাপ বসে নেই। তারা প্রতিটি শুল্ক অফিসের ফাইল রক্ষণাবেক্ষণের বিষয়টি তদন্তে নেমেছে বলে বোর্ডের দায়িত্বশীল একটি সূত্রে জানা গেছে। এমনকি শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছ। এ ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান বিষয়টি স্বীকার করে বলেন, কমিটি করে দেয়া হয়েছে। কমিটি সারাদেশের শুল্ক অফিসগুলো পরিদর্শন করবেন। এর পাশাপাশি ফাইলগুলো ঠিকমতো রক্ষণাবেক্ষণ হচ্ছে কিনা তা যাচাই-বাছাই করবে। কমিটিকে যত দ্রত সম্ভব রিপোর্ট দিতে বলা হয়েছে ।
এদিকে শুল্ক অফিসের ফাইল গায়েবকে খোদ জাতীয় রাজস্ব বোর্ড ‘বিপজ্জনক’ হিসেবে অভিহিত করেছে। সরকারি অফিসে ফাইল গায়েবের সঙ্গে স্বার্থান্বেষী মহল জড়িত থাকতে পারে বলে একাধিক সূত্র দাবি করেছেন। বেশ কয়েক বছর আগে একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল অর্থ মন্ত্রণালয়ে। বেশ কিছু গুরত্বপূর্ণ দুর্নীতি সম্পর্কিত ফাইল গায়েব হয়েছিল। আর সংঘটিত হয়েছিল মন্ত্রণালয়ের বেশ কিছূ অসাধু কর্মকর্তার যোগসাজশে। পরে তদন্ত আর বেশি দূর এগোয়নি। একইভাবে পূর্ত মন্ত্রণালয়ে পরিত্যক্ত ঘরবাড়ি সংক্রান্ত বেশকিছূ ফাইল গায়েব হওয়ার ঘটনা ঘটেছে। ফাইল গায়েবের সঙ্গে দুর্নীতির বিষয়টি এখন স্পষ্ট হচ্ছে বলে পূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা মন্তব্য করেছেন। তবে দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের ফাইল গায়েব হওয়ার খবর মিলেছে ভূমি মন্ত্রণালয়ের একাধিক সূত্রে। তবে এ ব্যাপারে কেউ মুখ খূলতে রাজি নন।
ফাইল যথাযথ রক্ষণাবেক্ষণ সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের নির্দিষ্ট কিছু নির্দেশনা রয়েছে। অনেক ক্ষেত্রে সেই নির্দেশনা এখন উপেক্ষিত। অফিস ত্যাগ করার আগে সব কিছূ দেখে শুনে নেয়ার কথা। এমনকি রুম বন্ধ করা থেকে শুরু করে কলাপসিবল গেট ঠিকমতো বন্ধ করা হয়েছে কিনা তা পরখ করার দায়িত্ব থাকে নির্দিষ্ট কর্মকর্তার। এর পরও আলমারি থেকে ফাইল গায়েব হওয়ার ঘটনা ঘটছে। এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ফাইল গায়েবের সঙ্গে এখন দুর্নীতির বিষয়টি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। কারণ যিনি দুর্নীতি করেন তিনি তার অভিযোগ থেকে বাঁচার জন্য নানা ধরনের ফন্দি ফিকির করে। এর মধ্যে অন্যতম হলো ফাইল গায়েব করা। তবে এর বাইরেও একটি স্বার্থান্বেষী মহল থাকে যারা সব সময় তাদের স্বার্থকে বড় করে দেখেন। আর এর সঙ্গে অর্থকড়ির একটি বিষয় থাকে। যে কারণে সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি দুর্নীতির ধূসর এলাকাগুলো বিষয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে সর্বতোভাবে সহযোগিতা চেয়েছেন।
অন্যদিকে দুদক চেয়ারম্যান মন্ত্রিপরিষদ সচিবকে আলাদাভাবে একটি আধা সরকারি চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সরকারি প্রতিষ্ঠানগুলো যে উদ্যোগ নেবে তাতে দুদক স্বাগত জানাবে। তিনি চিঠিতে আরো বলেছেন, জনবল নিয়োগ, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধে প্রোঅ্যাকটিভ মনিটরিং ব্যবস্থা যথেষ্ট গুরুত্ব বহন করে। বিষয়গুলো নিয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে আলোচনা করার অনুরোধ জানান তার লেখা চিঠিতে। সম্প্রতি দুদক তাদের ২০১৫ সালের বার্ষিক প্রতিবেদনে সরকারি সেবা থেকে শুরু করে সরকারি নিয়োগ, সরকারি ক্রয়, সরকারি নির্মাণ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধে সুপারিশমালা উপস্থাপন করে। যা ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।


























































