ময়মনসিংহে মাদকদ্রব্য মামলার এক আসামিকে ধরতে গেলে দুই কনস্টেবলের হাত কামড়ে পালিয়ে গেছেন। এ সময় ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালান আসামির পরিবারের নারী সদস্যরা।
এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশের উপ-পরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নান্দাইল পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের চারিআনিপাড়া মহল্লার সিদ্দিক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই মো. আলীমুজ্জামান, কনস্টেবল মো. সুজন মিয়া, রহুল আমীন ও মঞ্জুরুল ইসলাম। তারা নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।
জানতে চাইলে এসআই আলীমুজ্জামান বলেন, চারিআনিপাড়া মহল্লার সিদ্দিক মিয়ার ছেলে শাহাবুদ্দিন মাদক মামলার আসামি। শাহাবুদ্দিন নান্দাইল পৌরশহরের নতুন বাজার থেকে ব্যাটারিচালিত ইজিবাইকে করে বাড়িতে যাচ্ছেন। এমন সংবাদ পেয়ে ওসির নির্দেশে থানা থেকে পুলিশের একটি দল অভিযান চালায়।
আসামি তার বাসায় ঢোকার মুখে তাকে জাপটে ধরে হাতকড়া পড়ানোর চেষ্টা করে এসআই ফিরোজ আহমেদ। এ সময় বাড়ির নারী সদস্যরা লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও তাদের লাঠিপেটা করে। এই সুযোগে দুই কনস্টেবলের হাতে কামড় বসিয়ে শাহাবুদ্দিন পালিয়ে যান। পরে সিদ্দিক মিয়া ও শাহাবুদ্দিনের স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
নান্দাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, পুলিশের ওপর হামলা চালানোর ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
সূত্রঃ জাগো নিউজ























































