মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মাশরাফি অবসর নিচ্ছেন ?


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০১.২০১৭

273416_1
ডেস্ক রিপোর্টঃ

দলকে সাফল্য আনতে শিখিয়েছেন। এনে দিয়েছেন ভূরি ভূরি জয়। লাল-সবুজ জার্সিতে বাংলাদেশ ক্রিকেট দলকে পৌঁছে দিয়েছেন অন্য এক উচ্চতায়। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়কও তিনি। তবে নিউজিল্যান্ড সিরিজে দলের ভরাডুবি ও চোটের কারণে টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা! গতকাল এমনটাই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। তিনি বলেন, দেশে ফিরেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন মাশরাফি।

বাংলাদেশের ক্রিকেটের জন্য সোনালি অধ্যায় হয়ে থাকবে ২০১৫ সাল। মাশরাফির নেতৃত্বে ৫০ ওভারের ক্রিকেটে একের পর এক সাফল্য দেখিয়েছে টাইগাররা। ঘরের মাটিতে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে সিরিজ জিতেছে। অবশ্য একদিনের ক্রিকেটে সাফল্য দেখালেও টি-টোয়েন্টিতে আশানুরূপ পারফরম করতে পারেনি বাংলাদেশ। গত বছর ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে শূন্য হাতেই ফিরতে হয়েছে টাইগারদের। ধারণা করা হচ্ছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপেরই পরই নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে পারেন ৩৩ বছর বয়সী ডানহাতি এই পেসার। শেষ পর্যন্ত অবশ্য এমন কোনো কিছুই ঘটেনি।

মাশরাফির নেতৃত্বে নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ। তবে সাফল্য মেলেনি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে। দলগত ব্যর্থতার কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে। গতকাল টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আবার ডান হাতের বুড়ো আঙুলে চোট পান অধিনায়ক মাশরাফি। যা তাকে মাঠের বাইরে ছিটকে দিয়েছে ৪ থেকে ৬ সপ্তাহের জন্য।

দলের বাজে পারফরম, চোটÑ সব মিলিয়ে অধিনায়ক হিসেবে সময়টা ভালো যাচ্ছে না মাশরাফির। এর সঙ্গে যোগ হয়েছে, দলীয় কোন্দল! তা ছাড়া ঝড় তুলেছে সম্প্রতি বিসিবিপ্রধানের করা এক মন্তব্যও। এতদিন জানা ছিল, দল নির্বাচন করেন কোচ হাথুরুসিংহে। সঠিক একাদশ নির্বাচন না করায় টাইগারপ্রেমীরা সমালোচনার তীরে বিদ্ধ করতেন কোচকে। কিন্তু নাজমুল হাসান জানান, মাশরাফির পছন্দেই নাকি একাদশ নির্বাচন করা হয়।

সংবাদমাধ্যমকে নাজমুল হাসানের দেওয়া এমন বক্তব্যের পর থেকেই মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েন মাশরাফি। এ নিয়ে নিউজিল্যান্ডেই টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায়ও বসেন খেলোয়াড়রা। মানসিক সেই ধাক্কাটা প্রভাব ফেলেছে গোটা সিরিজেই। হয়তো ক্ষোভ, অভিমান থেকেও অবসর নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন ‘নড়াইল এক্সপ্রেস’।

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে চোট পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। জাতীয় দলের সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ককে তাই মাঠের বাইরে থাকতে হবে ৪ থেকে ৬ সপ্তাহ। গতকাল মুঙ্গানুইয়ের বে ওভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে হাতে বল লেগে বুড়ো আঙুল ভেঙে যায় মাশরাফির।

মাশরাফির করা ১৮তম ওভারের দ্বিতীয় বলে ডাইভ করেছিলেন কোরি অ্যান্ডারসন। ডাইভ দিয়ে বলটি ফেরানোর চেষ্টা করেন ‘নড়াইল এক্সপ্রেস’। তবে বল হাতে লেগে চলে যায় লং অফে। তখনই প্রচ- ব্যথা অনুভব করেন। ফিজিও ডিন কনওয়ে জানিয়েছেন, ডান হাতের বুড়ো আঙুল ভেঙে গেছে।

অনেক দিন ধরেই টেস্ট খেলছেন না। তৃতীয় টি-টোয়েন্টি হতো তার নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচ। তবে এখনই দেশে ফিরছেন না বাংলাদেশের সংক্ষিপ্ত ফরম্যাটের এই অধিনায়ক। দেশ থেকে নিউজিল্যান্ডে এসেছেন স্ত্রী, সন্তানরা। পরিবারের সঙ্গে কদিন ছুটি কাটাতে নিউজিল্যান্ডেই থাকবেন।

এদিকে ক্যাচ ধরতে গিয়ে বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন তামিম ইকবালও। এক্সরেতে কোনো কিছু ধরা না পড়লেও তার চোটের জায়গা ফুলে আছে, তাই শঙ্কা দেখা দিয়েছে। ফিজিও ডিন কনওয়ে জানিয়েছেন, তাকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর পরই বোঝা যাবে চোটের অবস্থা।

সীমানায় ফিল্ডিং করার সময় ডিজিটাল বোর্ডের সঙ্গে সংঘর্ষে হাঁটুতে চোট পান ইমরুল কায়েস। তবে তার চোট তেমন গুরুতর কিছু নয় বলেও জানানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি