শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঘুষ নেয়ার সময় গ্রেফতার উপসচিব কারাগারে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০১.২০১৭

dudok-md20170109155352
নিজস্ব প্রতিবেদক:

ঘুষ নেয়ার সময় টাকাসহ হাতেনাতে গ্রেফতার সড়ক ও জনপথের উপসচিব মিজানুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী অফিসার। অপরদিকে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যপদ শিকদার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রোববার রাতে রাজধানীর খিলগাঁওয়ের একটি ফাস্ট ফুডের দোকান থেকে তাকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য  জানান, মিজানুর রহমান সড়ক ও জনপথ বিভাগে আইন কর্মকর্তা হিসেবে প্রেষণে কর্মরত। মাইনুদ্দীন নামে সড়ক ও জনপথ বিভাগের একজন ইজারা গ্রহীতা অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে।

দুদকের তথ্য অনুযায়ী ইজারা গ্রহীতা মাইনুদ্দীন অভিযোগে জানান, তার একটি তদন্ত প্রতিবেদনের জন্য উপসচিব মিজানুর রহমান এক লাখ ৯০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ওই একই কাজের জন্য আরও ৯ লাখ টাকা দাবি করেন মিজানুর রহমান। দ্বিতীয় দফা ঘুষ দাবি করার পর মাইনুদ্দীন দুদকের কাছে অভিযোগ করেন।

অভিযোগ আমলে নিয়ে দুদক প্রাথমিক তদন্ত চালায়। সোমবার রাতে ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে খিলগাঁওয়ের বিএফসি রেস্টুরেন্টে অবস্থান নেয় দুদকের একটি টিম। রাত ৯টার দিকে হাতেনাতে ঘুষ নেয়ার সময় দুদকের ওই টিমের হাতে গ্রেফতার হন মিজানুর রহমান। তাকে খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি