বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বাংলাদেশি পাসপোর্ট নিয়ে রোহিঙ্গাদের বিদেশ যাওয়ার প্রবণতা বেড়েছে


বাংলাদেশি পাসপোর্ট নিয়ে রোহিঙ্গাদের বিদেশ যাওয়ার প্রবণতা বেড়েছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০১.২০১৭

rohonga.1
ডেস্ক রিপোর্ট ঃ

পুলিশ এবং পাসপোর্ট অফিসের নির্লিপ্ততা আর দালালদের যোগসাজশে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশ যাওয়ার প্রবণতা বেড়েই চলেছে। অতিরিক্ত টাকার বিনিময়ে যথাযথ পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট তৈরি করে তারা চলে যাচ্ছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।

কিছু ক্ষেত্রে রোহিঙ্গারা বিমান বন্দরে আটক হলেও পাসপোর্টসহ আনুষঙ্গিক কাগজপত্র একেবারে নিখুঁতভাবে প্রস্তুত হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া যায়না।

প্রায়ই বিদেশ যাওয়ার সময় বিমান বন্দরসহ বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ছে রোহিঙ্গারা। কিন্তু সেই আটক হয় সীমিত সময়ের জন্য। দালাল চক্র পাসপোর্ট থেকে শুরু করে প্রয়োজনীয় সব কাগজপত্র এতটাই নিপুণভাবে তৈরি করে যেখানে কোনো ফাঁক ফোকর থাকেনা। ফলে বাংলাদেশি নাগরিক হিসেবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ পাচ্ছে রোহিঙ্গারা। আর রোহিঙ্গারা বিদেশে গিয়ে অপরাধে জড়িয়ে পড়ায় বহির্বিশ্বে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রবাসী বাংলাদেশীদের কর্মক্ষেত্র এবং নষ্ট হচ্ছে দেশের সুনাম।

প্রথম থেকেই রোহিঙ্গারা যাতে বাংলাদেশী পাসপোর্ট না পায় সেজন্য সরকারের কড়া বিধি নিষেধ রয়েছে। তারপরও পুলিশ ভেরিফিকেশনের আড়ালে পাসপোর্ট পেয়ে যাচ্ছে রোহিঙ্গারা।

চট্টগ্রাম আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় সহকারী পরিচালক আলী আশরাফ বলেন, ‘তাদের অনেক ইন্টার্ভিউ নেয়া হয়। সে বাঙ্গালি কি না, তার কাগজপত্র আছে কি না সেসব দেখার পর পাসপোর্ট দেয়া হয়। সে রোহিঙ্গা কি না সেটা এখান থেকে জানার কোন উপায় নেই।’

তবে পুলিশ প্রশাসন নিজেদের দায় না এড়ালেও তাদের অভিযোগের তীর স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের দিকে।

গত দু’দশকের বেশি সময় ধরে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা অবৈধভাবে বাংলাদেশে বসবাস করছে। অভিযোগ রয়েছে, এর মধ্যে ৫০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশী পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশে চলে গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি