পূর্বাশা ডেস্ক:
রাখাইন রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমান সম্প্রদায়ের ওপর দমন-পীড়ন চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমার। জাতিসংঘের বিশেষ দূতের সফরেও তাঁর সঙ্গে আলোচনায় মিয়ানমার কর্তৃপক্ষ ওই অবস্থান নেয়। বাস্তব চিত্র আড়াল করতে নিরাপত্তা ঝুঁকির নামে তাঁকে পূর্বপরিকল্পনা অনুযায়ী রোহিঙ্গাদের গ্রামেও যেতে দেয়নি মিয়ানমার সরকার। কিন্তু ১২ দিনের সফর শেষে জাতিসংঘের বিশেষ দূত ইয়াংঘি লি রোহিঙ্গাদের নিপীড়নের জন্য মিয়ানমার সরকারের সমালোচনা করেছেন। একই সঙ্গে আইন ও মানবাধিকার সমুন্নত রাখতে দেশটির সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ইয়াংঘি লি গত শুক্রবার সফর শেষ করে রেঙ্গুনে সাংবাদিকদের জানান, মানবাধিকার ও আইনের শাসনের বিধানের মধ্যে থেকে নিরাপত্তা বাহিনীগুলোর দায়িত্ব পালন করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
মিয়ানমার সরকার দাবি করছে, গত ৯ অক্টোবর বাংলাদেশ সীমান্তে তাদের নিরাপত্তা বাহিনীর চৌকিতে সন্ত্রাসী হামলা হয়েছে। এর পর থেকে তারা সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে। নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন দেয়নি, বরং রোহিঙ্গারাই নিজেদের বাড়িঘরে আগুন দিয়ে ইস্যু সৃষ্টির চেষ্টা করছে বলে দাবি মিয়ানমারের।
তবে জাতিসংঘের বিশেষ দূত নিজেদের বাড়িঘরে রোহিঙ্গাদের আগুন দেওয়ার অভিযোগকে ‘অনেকটাই অবিশ্বাস্য’ বলে দাবি করেন। এমনকি রোহিঙ্গাদের লাঠিপেটা করার ভিডিও ফাঁস হওয়ার পর মিয়ানমার সরকার একে বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করলেও জাতিসংঘের বিশেষ দূত বলেছেন, এটি মোটেও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং চলমান ‘রীতি’।
জানা গেছে, জাতিসংঘের বিশেষ দূত কয়েক মাসের মধ্যেই মানবাধিকার কাউন্সিলে রোহিঙ্গা ও মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উত্থাপন করবেন। সেই প্রতিবেদন তৈরির জন্য তিনি মিয়ানমারের রাজধানী নেপিদো, বাণিজ্যিক অঞ্চল ইয়াঙ্গুন, রোহিঙ্গাদের বসবাসস্থল রাখাইন প্রদেশ এবং নিরাপত্তা বাহিনীদের সঙ্গে সংঘাতরত কাচিন গেরিলাদের এলাকা কাচিন রাজ্য সফর করেন।
রাখাইনে তিনি তিনটি গ্রাম এবং একটি কারাগার পরিদর্শন করেন। ওই কারাগারে গত অক্টোবর মাসে হামলায় সহযোগিতার অভিযোগে প্রায় ৪৫০ জনকে মিয়ানমার কর্তৃপক্ষ আটকে রেখেছে। ওই ব্যক্তিদের আইনি অধিকার দেওয়া হয়নি এবং তাদের পরিবারকেও এ বিষয়ে জানানো হয়নি বলে অভিযোগ রয়েছে।
জাতিসংঘের বিশেষ দূত বলেন, রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে কয়েক দশক ধরে ধারাবাহিক ও প্রাতিষ্ঠানিক বৈষম্যের প্রেক্ষাপটে গত অক্টোবর মাসে সীমান্ত চৌকিতে হামলার ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘হতাশা থেকেই ব্যক্তিবিশেষ হতাশাজনক কাজ করে বসে। ’
বিশেষ দূত আরো বলেন, বঞ্চিত জনগোষ্ঠী যদি মনে করত নতুন সরকার তাদের সমস্যা সমাধান করতে পারবে তাহলে জঙ্গিরা তাদের ব্যবহার করতে পারত না। তিনি বলেন, ‘অনেক পরিবারই তাদের সদস্যদের আটক হওয়ার তথ্য জানে না। তাদের আশঙ্কা, তাদের ওই প্রিয়জনদের সঙ্গে আর কখনোই দেখা হবে না। ’
জাতিসংঘের বিশেষ দূত বলেন, মিয়ানমারের সর্বাধিনায়ক ও একটি মন্ত্রণালয়ের সাক্ষাৎ চেয়েও তিনি পাননি। সফরের সময় পরিস্থিতি দেখে কেবল ‘প্রতিহিংসা’ শব্দটিই তাঁর মনে ব্যাপকভাবে এসেছে। সরকারের সঙ্গে বৈঠকগুলোতে তিনি বলেছেন, সফরে যাদের সঙ্গে তিনি অধিকার বিষয়ে কথা বলেছেন তারা যেন মতপ্রকাশের কারণে নিপীড়নের শিকার না হয়। সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সাক্ষাতের সময় অনেকেই তাঁকে বলেছে কথা বলার দায়ে তাদের কী হবে তা তারা জানে না। এক ব্যক্তি বলেছেন, কথা বলার দায়ে তাঁকে গ্রেপ্তার করা হবে বলে তিনি আশঙ্কা করছেন। একটি গ্রাম সফরের সময় অপর এক ব্যক্তি তাঁকে বলেছেন, তিনি হয়তো সঠিক উত্তর দিতে পারবেন না।
জাতিসংঘের বিশেষ দূত জানান, তিনি যখন সফর শেষ করে রেঙ্গুনে আসার প্রস্তুতি নিচ্ছিলেন তখন আসে যে মত প্রকাশের দায়ে একজনের শিরশ্ছেদ করা হচ্ছে। ওই ব্যক্তির ভাগ্যে কী ঘটেছে তা তিনি জানেন না। তবে এ থেকে স্পষ্ট বার্তা পাওয়া যায়—নিজেকে প্রকাশ কোরো না। দুঃখজনক হলো এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তিনি এমন অন্তত চারটি ঘটনার কথা শুনেছেন।
জাতিসংঘের বিশেষ দূত বলেছেন, রোহিঙ্গারা শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। তাদের বিরুদ্ধে ধারাবাহিক ও প্রাতিষ্ঠানিক বৈষম্যের নীতি বিবেচনা করে আন্তর্জাতিক সম্প্রদায় সহযোগিতা করতে চেয়েও মিয়ানমার কর্তৃপক্ষের জন্য পারেনি। তিনি বলেন, নিরাপত্তা বাহিনীদের দ্বারা রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠলেই সরকার তা প্রত্যাখ্যান করে আসছে। তিনি মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে কাজ করার সুযোগ দিতে মিয়ানমার সরকার ও সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানান।
রোহিঙ্গারা ঐতিহাসিকভাবে মিয়ানমারের রাখাইন প্রদেশের বাসিন্দা হলেও সরকার তাদের নাগরিকত্ব দেওয়া থেকে বঞ্চিত রেখেছে। সেখানে অব্যাহত দমন-পীড়নের মুখে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তারা বছরের পর বছর এ দেশে অবস্থান করছে। গত অক্টোবরে মিয়ানমারের রাখাইন প্রদেশে নতুন করে দমন-পীড়নে অন্তত ৮৬ জন নিহত হয়। এরপর আরো প্রায় ৬৬ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে। মিয়ানমারের গণতন্ত্রপন্থী শান্তিতে নোবেলজয়ী নেত্রী অং সান সু চি ক্ষমতায় আসার পর পরিস্থিতি বদলানোর আশা করলেও বাস্তবে তা হয়নি। রোহিঙ্গা ইস্যুতে ঢাকা-নেপিদো সম্পর্কে উত্তেজনার মধ্যে এ মাসেই সু চির বিশেষ দূত বাংলাদেশ সফরে এলেও সেখানে বিশেষ কোনো অগ্রগতি হয়নি।
এমন প্রেক্ষাপটে মুসলমান দেশগুলোর জোট ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি রোহিঙ্গা ইস্যুতে গত বৃহস্পতিবার মালয়েশিয়ায় বৈঠক করলেও সেখানে মিয়ানমারের বিষয়ে কড়া কোনো সিদ্ধান্ত আসেনি। অথচ ওই বৈঠকের আগেই মিয়ানমার বিষয়ক ওআইসির বিশেষ দূত ড. হামিদ আলবার মিয়ানমারে গণহত্যা ঠেকাতে জাতিসংঘের হস্তক্ষেপের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। তাঁর মতে, রোহিঙ্গা সমস্যা আর মোটেই মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় নয়। বরং এটি এখন আন্তর্জাতিক উদ্বেগের বিষয়।
জানা গেছে, ওআইসির বিশেষ বৈঠকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কড়া বক্তব্য রেখেছেন। সদস্য দেশগুলোর মধ্যে কেউ কেউ জাতিসংঘের হস্তক্ষেপের কথা বললেও এ ব্যাপারে সবাই একমত হতে পারেনি। ওআইসির আহ্বানে মিয়ানমারের চাপে পড়া তো দূরের কথা, দেশটি উল্টো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বক্তব্যের কড়া সমালোচনা করেছে।


























































