ডেস্ক রিপোর্ট ঃ
নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের গঠিত ছয় সদস্যের সার্চ কমিটি নিয়ে এক প্রতিক্রিয়ায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, ‘নির্বাচন কমিশন যত বড় বড় ব্যক্তি দিয়ে করেন না কেন, এই ভোট চুরির রাজনীতিতে যে দলীয় সরকার থাকবে, সে যদি ভোট চুরি করতে চায়, তাহলে তা ফেরানোর ক্ষমতা কোনো নির্বাচন কমিশনের নাই।’
বুধবার আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারির পর এনটিভিকে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
এ ব্যাপারে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিম উল্লাহ বলেন, ‘এ পর্যন্ত আমরা যা কিছু দৃশ্যমান দেখছি, সবই ঠিকঠাকমতোই এগোচ্ছে। প্রত্যাশা যা তা পরিপূরণ হওয়ার মতোই।’
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার আশা করেন, কমিটির সদস্যরা কর্মপদ্ধতিটা এমনভাবে নির্ধারণ করবেন যাতে প্রক্রিয়াটা স্বচ্ছ হয়। যেমন, তাঁরা নাম আহ্বান করতে পারেন। কতগুলো যোগ্যতার-অযোগ্যতার মাপকাঠি তাঁরা নির্ধারণ করে দিতে পারেন। নামগুলো পাওয়ার পর তাঁরা তার একটি শর্টলিস্ট প্রকাশ করতে পারেন।























































