শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » জাতিসংঘের নেতৃত্বে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা চান কূটনীতিকরা


জাতিসংঘের নেতৃত্বে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা চান কূটনীতিকরা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০১৭

278380_1

ডেস্ক রিপোর্ট ঃ

জাতিসংঘের নেতৃত্বে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা চান কূটনীতিকরা

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে আলোচনা করতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করতে চেয়েছেন ঢাকায় কর্মরত পশ্চিমা কূটনীতিকরা। তারা জাতিসংঘের নেতৃত্বে ইসি গঠনে আইন চান। পশ্চিমা দূতাবাসগুলোর সূত্রে এ তথ্য জানা গেছে।

কূটনীতিক সূত্রগুলো জানিয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার আগে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কূটনীতিকরা। এরই মধ্যে এ নিয়ে রাষ্ট্রপতির সময় চেয়ে চিঠিও দেয়া হয়। সেখানে ইসি পুনর্গঠন নিয়ে তারা আলোচনা করতে চেয়েছিলেন। সে সময় কূটনীতিকরা একত্রে বসে ঐকমত্যের ভিত্তিতে ইসি গঠনে আলোচনার জন্য তিনটি বিষয় ঠিক করেন। তবে এখন পর্যন্ত তারা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় পাননি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে পশ্চিমা এক কূটনীতিক রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমাদের পক্ষে এখানকার জাতিসংঘের কার্যালয় রাষ্ট্রপতির কাছে সাক্ষাতের সময় চেয়েছে। কিন্তু এখনো সময় পাওয়া যায়নি। কোন কোন দেশ এ দলটিতে প্রতিনিধিত্ব করবে, জানতে চাইলে তিনি বলেন, যেহেতু বিষয়টি জাতিসংঘ দেখভাল করছে। এ কারণে জাতিসংঘের রবার্ট ওয়াটকিনসের সঙ্গে যোগাযোগ করে মন্তব্য চাওয়া সঠিক হবে বলে জানান তিনি।

সূত্র জানায়, নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে উদ্বিগ্ন পশ্চিমা কূটনীতিকরা। বাংলাদেশে স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চান তারা। এ কারণে জাতিসংঘের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স ও নেদারল্যান্ডস রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন নিয়ে নিজেদের মতামতগুলো তুলে ধরবেন।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, নতুন ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার জন্য যে তিনটি বিষয় নির্ধারণ করা হয়েছিল, সেগুলো হলো— প্রথমত. নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে আইন তৈরি করা।

দ্বিতীয়ত. একটি দেশের সুনাম আন্তর্জাতিক অঙ্গনে অন্য বিষয়গুলোর সঙ্গে একটি অবাধ ও স্বচ্ছ জাতীয় নির্বাচনের ওপর নির্ভর করে। আর অবাধ ও স্বচ্ছ নির্বাচন করার প্রথম পদক্ষেপ হলো সব দলের অংশগ্রহণে স্বচ্ছ প্রক্রিয়ায় ইসি গঠন করা।

তৃতীয়ত. ইসি নিয়োগ প্রক্রিয়া জাতির সামনে উপস্থাপন করুন।

সূত্রে জানা গেছে, ইসি গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক চলাকালে ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনীতিকরা একাধিক বৈঠক করেন। গতকাল বৈঠক করেন নরওয়ে, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, কানাডা, ইতালি, ডিএফআইডি এবং ইউএনওমেনের প্রতিনিধিরা। ১১ জানুয়ারি বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিসে দলটির মহাসচিব মির্জা ফখরুল এবং আসাদুজ্জামান রিপনের সঙ্গে বৈঠক করেন নরওয়ের রাষ্ট্রদূত। এছাড়া গত বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বাসভবনে স্পেন, সুইডেন, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রদূত বৈঠক করেছেন। একই দিনে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে যুক্তরাজ্য, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, স্পেন, নেদারল্যান্ডস, নরওয়ে, জার্মানি, সুইডেন, ফ্রান্স, ইউএসএআইডি, আইএলও, অ্যাকর্ডের প্রতিনিধিসহ সাবেক ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বৈঠক করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি