মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঠিক সময়ে জ্বলে উঠল বার্সা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০১.২০১৭

64def0dfb3413edfa500a1a92c2cdafd-BArca

পূর্বাশা ডেস্ক:

রিয়াল মাদ্রিদের ভুল করেনি বার্সেলোনা। ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে কোপা ডেল রের সেমিফাইনালে চলে গেল কাতালানরা। দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানের এই জয়ে টানা সপ্তমবারের মতো কাপের ফাইনালে বার্সেলোনা।

গত সপ্তাহে সোসিয়েদাদের মাঠে ১-০ গোলের জয়ের পর সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছিল বার্সা। কারণ, সে ম্যাচটি শুধু একটি জয় ছিল না, ছিল ৯ বছর ধরে চলা এক ‘অভিশাপ’ কাটানোর মুহূর্ত। ২০০৭ সালের পর থেকেই সোসিয়েদাদের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারছিল না বার্সেলোনা। মেসি, সুয়ারেজ, নেইমার—ত্রয়ীও এত দিন ভাঙতে পারেননি সে ‘অভিশাপ’। গত সপ্তাহে নেইমারের দুর্দান্ত এক জাদুকরী মুহূর্তেই সে জয়-খরা কেটেছে বার্সার।
কাল তাই ন্যু ক্যাম্পে নির্ভার হয়েই খেলেছেন মেসি-নেইমাররা। নিজেদের মাঠে যত বাঘই হোক না কেন, বার্সার মাঠে যে বরাবরই বিড়াল বনে যায় সোসিয়েদাদ! কালও হলো তাই, গুনে গুনে পাঁচবার জালে বল পাঠাল বার্সেলোনা। লিগে সর্বশেষ ম্যাচেই বার্সার জার্সিতে প্রথম গোল পাওয়া ডেনিস সুয়ারেজ কাল করেছেন জোড়া গোল। যার প্রথমটি এল ১৭ মিনিটে। প্রথমার্ধে বার্সার গোল ওই একটিই।
দ্বিতীয়ার্ধে দেখা দিল ‘এমএসএন’ ত্রয়ী। নেইমারের আরেকটি দুর্দান্ত মুহূর্তকে আটকাতে গিয়ে আবারও পেনাল্টি দিল সোসিয়েদাদ। সেটা থেকে ৫৫ মিনিটে গোল মেসির। ৬২ মিনিটে হুয়ানমির গোলে ফিরে আসার আভাস দিতে না দিতেই সেটা কেটে গেল পরের মিনিটেই লুইস সুয়ারেজের গোলে।
৭৩ মিনিটে উইলিয়াম হোসের গোলে ব্যবধান কমল আবার (৩-২)। দুটি গোলেই বার্সার রক্ষণের ভুলকে কাজে লাগিয়েছে সোসিয়েদাদ। কিন্তু এমন ভুলেও কপালে ভাঁজ পড়েনি কোচ লুইস এনরিকের। কোচকে নির্ভার রাখতেই ৩ মিনিটের মধ্যে গোল করলেন আরদা তুরান ও ডেনিস। ৮২ মিনিটে ডেনিসের গোলের পর বাকি সময়টা নিশ্চিন্তেই কেটেছে এনরিকের।
আজ বিকেলে কাপের সেমিফাইনালের লাইনআপ ঠিক হবে। সেমির অন্য তিনটি দল হলো আলাভেস, অ্যাটলেটিকো মাদ্রিদ ও সেল্টা ভিগো। আর মাত্র দুই ধাপ, তাহলেই কোপা ডেল রের হ্যাটট্রিক শিরোপাটাও জেতা হয়ে যাবে বার্সার। মৌসুমের একদম ঠিক মুহূর্তে জ্বলে উঠল এনরিকের দল। এএফপি, গোল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি