পূর্বাশা ডেস্ক:
১৫ মাস পর প্রথম শ্রেণির ক্রিকেট। তবে প্রথম উইকেটটা পেতে দেরি হলো না মোস্তাফিজুর রহমানের। নিজের দ্বিতীয় বলেই পূর্বাঞ্চলের ওপেনার ইরফান শুক্কুরকে বোল্ড করলেন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বাঁহাতি পেসার। কাগজকলমে অবশ্য মোস্তাফিজ প্রথম বলেই উইকেটটা পেয়েছেন। প্রথম বলটা যে ছিল নো বল। মোস্তাফিজ পরে উইকেট পেয়েছেন আরেকটি। তবে মোস্তাফিজ নন, ক্যারিয়ারসেরা বোলিং করে কাল দ্বিতীয় দিনটাকে নিজের করে নিয়েছেন সতীর্থ পেসার রুবেল হোসেন।
২২ রানে ৫ উইকেট নিয়েছেন ভারত সফরের দল থেকে বাদ পড়া রুবেল। ২০১০ সালের হ্যামিল্টন টেস্টের পর প্রথম শ্রেণিতে এই প্রথম ইনিংসে ৫ উইকেট পেয়ে ডানহাতি পেসার খুব খুশি, ‘অনেক দিন পর ৫ উইকেট পেয়ে ভালো লাগছে। কোচের পরিকল্পনামতো বোলিং করতে পেরেছি বলে আরও ভালো লাগছে।’ এই দুই পেসারের বোলিং তোপে মাত্র ১৪৪ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়েছে পূর্বাঞ্চল। দ্বিতীয় ইনিংসেও ৭৪ রান তুলতে ৫ উইকেট হারিয়ে পরাজয়ের প্রহর গুনছে দলটি। দক্ষিণকে আবার ব্যাট করাতে আরও ১৮৫ রান করতে হবে পূর্বাঞ্চলকে।
বড় দৈর্ঘ্যের ক্রিকেটে নিজেকে মানিয়ে নিতেই বিসিএলে খেলছেন মোস্তাফিজ। দুই ইনিংস মিলিয়ে কাল বল করলেন ১৩ ওভার। চোটের সঙ্গে যুদ্ধ করা মোস্তাফিজ বললেন এত ওভার বোলিং করতে তেমন সমস্যা হয়নি, ‘বোলিংয়ের সময় কোনো সমস্যা হয়নি। তবে, কোমরে হালকা ব্যথা আছে। সেটি নিশ্চয়ই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।’ সিলেটের উইকেট ছিল পেস-বান্ধব। মোস্তাফিজের সঙ্গে ৫ উইকেট নেওয়া রুবেলও বলেছেন সেই কথা।
অন্য ম্যাচটা আক্ষেপ হয়ে রইল জুনায়েদ সিদ্দিকের জন্য। প্রিয় মাঠে প্রথম শ্রেণির ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটা পেলেন না বিসিবি উত্তরাঞ্চলের ব্যাটসম্যান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৭২ রান নিয়ে দিনটা শুরু করেছিলেন। শাহাদাতের প্রথম ওভারে চার বল থেকেই ৯ রান তুলেও নিয়েছিলেন। কিন্তু পরের ওভারে মুখোমুখি হওয়া প্রথম বলেই শহীদুলের বলে এলবিডব্লু হয়ে ডাবল সেঞ্চুরি-স্বপ্নের সমাধি!
আর কেউ সেঞ্চুরি না পেলেও উত্তরের প্রায় সব ব্যাটসম্যানই বলার মতো রান পেয়েছেন। তাতেই ৫০২ রানের বড় সংগ্রহ দলটির। দ্বিতীয় দিন শেষে প্রতিপক্ষ ওয়ালটন মধ্যাঞ্চলের রান ৩ উইকেটে ১২০। উত্তরাঞ্চলের চেয়ে এখনো ৩৮২ রানে পিছিয়ে বর্তমান চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল।
সংক্ষিপ্ত স্কোর
পূর্বাঞ্চল-দক্ষিণাঞ্চল, সিলেট
প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৯৬.৫ ওভারে ৪০৩ (এনামুল ৮৯, জিয়া ৭২, তুষার ৬২, মিঠুন ৪৭, সোহাগ ৪৬, মোসাদ্দেক ৩৯; ইবাদত ৩/৮৫, আবুল হাসান ২/৮৪, খালেদ ২/৮৬)। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল: ৪৩ ওভারে ১৪৪ (আবুল হাসান ৪৮, ইয়াসির ৪২; রুবেল ৫/২২, মোস্তাফিজ ২/৩২, সোহাগ ২/৩৯) ও ৩৭ ওভারে ৭৪/৫ (ইরফান ২৭, ইয়াসির ১৬; রাজ্জাক ২/৮)।
উত্তরাঞ্চল-মধ্যাঞ্চল, চট্টগ্রাম
বিসিবি উত্তরাঞ্চল ১ম ইনিংস: ১৪১.১ ওভারে ৫০২ (জুনায়েদ ১৮১, ধীমান ৬১, নাসির ৫৫, আরিফুল ৫০, সোহরাওয়ার্দী ৪৬, জহুরুল ৩৯, ফরহাদ রেজা ৩৪; তাইবুর ৩/৩৩, শহীদুল ৩/১১৪, শাহাদাত ২/১১২)। ওয়ালটন মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৩৫ ওভারে ১২০/৩ (সাইফ ৫২*, মার্শাল ২৭; ইয়াসিন ২/৩৩)।

























































