শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


একজন কবি হুসাইন আজাদ আর তার ‘অক্ষত আয়না’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০২.২০১৭

ডেস্ক রিপোর্টঃ
শৈশব থেকে কবিতা লিখেন মনের খোরাকে, ভালবাসেন মনের কথা লিখে প্রকাশ করতে। লিখতে লিখতে কখন যে তা কবিতা হয়ে ওঠে হয়তো নিজেও জানেন না। এভাবে কবি ওঠা তরুণের নাম হুসাইন আজাদ। প্রথমবারের মতো তার প্রকাশিত বইয়ের নাম ‘অক্ষত আয়না’।
কবিতার বইটি এবারের অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে প্রকাশ করেছে ‘দেশ পাবলিকেশন্স’। প্রচ্ছদ করেছেন লিমন মেহেদী। এটি পাওয়া যাবে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ৫০২-৫০৩ নম্বর স্টলে।
কবিতার বৈচিত্র্য, শক্তি বা স্বাদ কেমন, বই হাতে পেলে তার বিচার পাঠকই করবেন। তবে বইটিতে স্থান পাওয়া ৫৬টি কবিতা যে হুসাইন আজাদ তার সামর্থ্যের সর্বোচ্চটি দিয়ে লিখেছেন তা বলাই যায়।
বয়সে তরুণ হুসাইন আজাদ পেশায় সাংবাদিক। কাজ করছেন দেশের শীর্ষস্থানীয় একটি অনলাইন নিউজপোর্টালে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর হুসাইন আজাদ শৈশব থেকেই সাহিত্যচর্চায়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পড়ার সময় প্রাতিষ্ঠানিক ও আঞ্চলিক পত্রপত্রিকায় তার কবিতা-গল্প প্রকাশ হতে থাকে। আর বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর জাতীয় দৈনিকগুলোতে লিখেছেন নিরলস। সম্পাদনা করেছেন ‘ডাক’ ও ‘তোরণ’ নামে দু’টি লিটলম্যাগও।
এখন সাংবাদিকতায় মগ্ন থাকলেও কবিতা-ই হুসাইন আজাদের প্রথম প্রেমিকার মতো ভালোবাসার জায়গা। সারাদিনের ক্লান্তি বা মন খারাপ তার উবে যায় একখানি কবিতা পড়লে অথবা নিজে লিখতে পারলে। কবিতার প্রতি তার এমন জমানো ভালোবাসাই ‘অক্ষত আয়না’র মোড়কে যাচ্ছে পাঠকের হাতে।
প্রথম কবিতাগ্রন্থ প্রকাশ নিয়ে দারুণ উচ্ছ্বসিত হুসাইন আজাদ বলেন, যা দেখা হয়, যা ভাবা হয়, সাধারণত তাই লেখা হয় বলে মনে করি। ‘অক্ষত আয়না’ এমনই সময়পাঠ। একজন মানুষ, বিশেষত তরুণ অথবা তরুণী কী ভাবেন নিজকে নিয়ে, তার প্রকাশ ঘটানো হয়েছে ‘অক্ষত আয়না’ র পাতায়।
সূত্র- দৈনিক ইত্তেফাক।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি