রবিবার,২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপি নির্বাচন কমিশন প্রধান চায় রাজাকারকে : ইনু


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নির্বাচন কমিশন গঠনের একদিনের মাথায় কাজের নমুনা না দেখেই বিএনপি এ  নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করে যে বক্তব্য দিয়েছে- তা দুর্ভাগ্যজনক ও গণতন্ত্রের জন্য হতাশজনক বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, “যতক্ষণ পর্যন্ত একজন রাজাকারকে নির্বাচন কমিশনের প্রধান না করা হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপির মন ভরবে না। ” আজ শনিবার সকাল ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

মন্ত্রী বলেন, “বিএনপি সংবিধান, আইন-আদালত এমনকি বাংলাদেশ ও মুক্তিযুদ্ধকেও মানে না। আসলে বিএনপির মূল উদ্দেশ্য হলো নির্বাচন নয়, তাদের উদ্দেশ্য হলো একটি উসিলা তৈরি করা, যা দিয়ে তারা বাংলাদেশে অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি এবং নির্বাচন ও সংবিধানকে বিপর্যস্ত করতে পারে। নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করে বিএনপি গণতন্ত্র ও নির্বাচনকে তালাক দেওয়ার পুরনো চক্রান্তের রাজনীতি আবারও শুরু করছে। “

সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যার সুরাহা না হওয়া ও প্রকৃত দোষীদের বিচারের আওতায় না আনতে পারার ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, “আমি এখনও আশাবাদী সাগর-রুনির প্রকৃত হত্যাকারীরা ধরা পড়বে এবং তাদের বিচারের সম্মুখীন করা হবে। ” এ সময় উপস্থিত ছিলেন অতিরক্তি জেলা প্রশাসক সার্বিক মুজিব-উল ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন ও কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ জেলা জাসদের নেতাকর্মীরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি