পূর্বাশা ডেস্ক:
মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন নির্বাচন কমিশনাররা।
বৃহস্পতিবার সকাল ১০টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নবনিযুক্ত চার কমিশনার মো. রফিকুল ইসলাম, মাহবুব তালুকদার, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী। সেখানে তাঁরা এক মিনিট নীরবতা পালন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নতুন নির্বাচন কমিশনের সদস্যরা স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কে এম নুরুল হুদা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমাদের কাজ বেশ চ্যালেঞ্জিং। তবে আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করব। সফলভাবে দায়িত্ব পালনের চেষ্টা অব্যাহত থাকবে।’
বিরোধী দল বিএনপি নির্বাচন কমিশন নিয়ে সমালোচনা করেছেন, সাংবাদিকদের এমন প্রশ্নে কে এম নুরুল হুদা বলেন, ‘আমাদের এখন কাজ করার সময়। অন্য কোনো বিষয় নিয়ে ক্রিয়া-প্রতিক্রিয়া জানানোর সময় এখনো আসেনি।’























































