একই পরিবারে ১৬ জন প্রতিবন্ধী! কুষ্টিয়ার কুমারখালীর কয়া গ্রামের এই পরিবারের ১৬ জন সদস্য কোন না কোন ভাবে প্রতিবন্ধিতার শিকার। মারা গেছেন পরিবারের আরো দুই জন। জীবনযুদ্ধে ক্লান্ত তবু থেমে নেই বাঁচার লড়াই।
৭০ বছরের বেশি বয়সী দিনমজুর আইয়ুব আলী। একান্নবর্তী পরিবারের দীর্ঘ বোঝা বয়ে জীবন ধারণই যেন তার নিয়তি। অভাব-অনটনে সংসার বয়ে বেড়ানো আইয়ুব আলী তবুও থেমে থাকে নি।
তিনি বলেন, ‘আমার যায়গা নেই, জমি নেই- এই একটুখানি যায়গা আছে তবু এ-বেড়া ভেঙ্গে যায় ও-বেড়া ভেঙ্গে যায়। দিনরাত অনাহারে যায়। খুব কষ্টে দিন যায়।’
এ বাধা দূর ঠেলে দু’একজন কোনমতে উপার্জন করলেও তা পর্যাপ্ত নয়। তাই বাধ্য হয়েই এই বয়সেও জীবিকার খোঁজে বের হতে হয় আইয়ুব আলীকে।
নাতি ষোড়শী অঞ্জনা। ঘরের কাজে সাহায্য করেন মাকে। আর আট দশটা সাধারণ মানুষের মত অঞ্জনারও স্বপ্ন আরো অনেকটা পথ পাড়ি দেবার। অঞ্জনা বলেন, ‘শুধু কষ্টই। বাবা-মা ঠিক মতো খাবার জুটাতে পারে না। দিনে একবেলা খাই। বাকি বেলায় না খেয়ে থাকি।’
বিভিন্ন সময় সরকারি বেসরকারি সাহায্যের আশ্বাস পেলেও তা চোখে দেখেনি এই পরিবার। এবার সাহায্যের আশ্বাস মিলেছে সমাজ সেবা অধিদপ্তর থেকে।
করুণা নয়, সবার একটু সহযোগিতা হোক পরিবারটির বেঁচে থাকার রসদ।






















































