ডেস্ক রিপোর্টঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচন যে দশম নির্বাচনের মতো একতরফা হচ্ছে না তা জোর দিয়েই বলা যায়। প্রধান বিরোধীদল বিএনপি ও তার নেতৃত্বাধীন জোট শরিক দলগুলো দশম সংসদ নির্বাচনে অংশ নেয়নি। আগামী নির্বাচনে বিএনপি অংশ নিবে এবং এই দলটির সঙ্গেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এমন কথা বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বৃহস্পতিবার অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় একথা বলেছেন শেখ হাসিনা।
অপরদিকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কুমিল্লাতে একই দিনে বলেছেন, যে সব এমপির বিরুদ্ধে নেতিবাচক নানা অভিযোগ রয়েছে তাদেরকে আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়া হবে না।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই
সাতটি সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। বিগত নির্বাচনে সাতটি সিটির মধ্যে ছয়টিতেই জয়ী হন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীরা। একটিতে জয় পায় আওয়ামী লীগ। সমর্থিত মেয়র প্রার্থী। আগামী সংসদ নির্বাচনের আগে সাতটি সিটির নির্বাচন ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য অগ্নিপরীক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল।
কুমিল্লা সিটি নির্বাচনের তফসিল এরই মধ্যে ঘোষণা করেছে নির্বাচন কমিশন(ইসি)। আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটির নির্বাচন। চলতি বছরেই রংপুর সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল এবং গাজীপুর সিটির নির্বাচন আগামী বছরের মাঝামাঝিতেই অনুষ্ঠিত হবে।
দশম সংসদ নির্বাচনের কয়েকমাস আগে ২০১৩ সালের ১৫ জুন একই দিনে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটির নির্বাচন হয়। একই বছরের ৬ জুলাই নির্বাচন হয় গাজীপুর সিটির। সবগুলোতেই মেয়র পদে জয়ী হন বিএনপি সমর্থিত প্রার্থীরা। আওয়ামী লীগের দূর্গ হিসেবে পরিচিত গাজীপুর সিটিতে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী অধ্যাপক আব্দুল মান্নান পান ২ লাখ ৩০০ ভোট। আওয়ামী লীগের এ্যাডভোকেট আজমতউল্লাহ খান পান ১ লাখ ২৫ হাজার। স১৫ জুন ২০১৩ অনুষ্ঠিত সিলেট সিটি নির্বাচনে বিএনপির আরিফুল হক ১ লাখ ৭ হাজার ৩৩০ ভোট, আওয়ামী লীগ প্রার্থী বদরউদ্দিন আহমেদ কামরান ৭২ হাজার ২৩০ ভোট। বরিশাল সিটিতে বিএনপির আহসান হাবিব ৮৩ হাজার ৭৫১ ভোট, আওয়ামী লীগ প্রার্থী শওকত হোসেন হিরন পান ৬৬ হাজার ৭৪১ ভোট। রাজশাহীতে বিএনপি প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ১ লাখ ৩১ হাজার ৫৮ ভোট, আওয়ামী লীগের খায়রুজ্জামান লিটন ৮৩ হাজার ৭২৬ ভোট। খুলনা সিটিতে বিএনপির মনিরুজ্জামান বিজয়ী হন ১ লাখ ৮০ হাজার ৯৩ ভোট পেয়ে। আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক ১ লাখ ১৯ হাজার ৪২২ ভোট।
২০১২ সালের ২০ ডিসেম্বর রংপুর সিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের শরফুদ্দিন আহমেদ ঝন্টু মেয়র নির্বাচিত হন। তবে সেই নির্বাচনে জাতীয় পার্টির কোনো প্রার্থী ছিল না। ঝন্টু পান ১ লাখ ৬ হাজার ২৫৫ ভোট। জেপির মোস্তাফিজুর রহমান পান ৭৭ হাজার ৮০৫ ভোট। জেপির অপর প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীরা প্রায় ৬০ হাজার ভোট পান। কুমিল্লা সিটিতে আওয়ামী লীগ প্রাথী পরাজিত হন বিএনপি প্রার্থীর কাছে।
সিটি করপোরেশনসহ স্থানীয় সকল নির্বাচন দলীয় প্রতীকে করার আইন করা হয়েছে। কিছুদিন আগে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপির প্রার্থীকে পরাজিত করে বিশাল ভোটের ব্যবধানে জয়ী হন আওয়ামী লীগের ডা, সেলিনা হায়াৎ আইভী।
কুমিল্লাসহ আগামীতে সংসদ নির্বাচনের আগে যেসব সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের তীব্র প্রতিদ্বন্দ্বিতার মূখে পড়তে হবে। এমনটি মনে করছেন রাজনৈতিক মহল। সবগুলো সিটিতে আওয়ামী লীগের দলীয় কোন্দল অনেক বেড়ে গেছে। তাছাড়া ক্লিন ইমেজের প্রার্থী সংকটও রয়েছে দলটিতে। বরিশালের গতবারের প্রার্থী শওকত হোসেন হিরণ মারা গেছেন। সিটিতে পরাজিত হওয়ার পর অবশ্য তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন। খুলনাতে সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক এখন এমপি। সিলেটে বদরুদ্দিন কামরান এবং রাজশাহীতে খায়রুজ্জামান লিটন দলীয় কোন্দল নিয়ে অস্বস্তিতে রয়েছেন। কুমিল্লাতে ভাল প্রার্থীর সন্ধানে আওয়ামী লীগ। রংপুরে আগামীতে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী বদলের সম্ভবনা বেশি। বর্তমান মেয়র ঝন্টু অসুস্থতার কারনে প্রার্থী বদল করতে পারে আওয়ামী লীগ


























































