তুরস্কে হল্যান্ডের গরুতুরস্কে হল্যান্ডের গরু
তুরস্কের সঙ্গে পশ্চিম ইউরোপের কয়েকটি দেশের কূটনৈতিক সম্পর্ক এই মুহূর্তে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এখন এই সম্পর্কের টানাপোড়েনের বলি হয়েছে অবলা গরু।
গত সপ্তাহে তুরস্কের সামাজিক মন্ত্রী ফাতেমা বেতুল সায়ান কায়াকে হল্যান্ড থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং ক্ষমতাসীন দলের নেতারা জার্মানির পর হল্যান্ডের বিরুদ্ধে বিষোদ্গার ও অবমাননাকর কথাবার্তা বলেই যাচ্ছেন। তবে কথাবার্তাতেই ক্ষান্ত হচ্ছেন না তাঁরা। এবার তারা হল্যান্ড থেকে আমদানি করা ৪০টি গরু ফেরত পাঠাচ্ছে।
তুরস্কে হল্যান্ডের গরুর মাংসের প্রচুর চাহিদা থাকলেও শুধু নিজেদের মন্ত্রীকে বহিষ্কার করায় এর প্রতিশোধ হিসেবে এ উদ্যোগ।
তুরস্কের মাংস অ্যাসোসিয়েশনের প্রধান বুলেন্ট জানিয়েছেন, হল্যান্ডের সঙ্গে চলমান কূটনৈতিক বিবাদের কারণে তাঁরা এই গরুগুলো ফেরত পাঠাচ্ছেন এবং ভবিষ্যতে তাঁরা হল্যান্ডের মাংসজাতীয় কোনো পণ্য ওই দেশ থেকে নেবেন না। তবে গরুগুলো হল্যান্ড ফেরত নিতে অস্বীকার করলে এগুলোর স্থান হবে তুরস্কের কসাইখানায়।
অবশ্য গরুবিষয়ক এ সিদ্ধান্তের পূর্বে তুরস্কের ইউরোপবিষয়ক মন্ত্রী ওমর চেলিক জানিয়েছিলেন, কূটনৈতিক টানাপোড়েন থাকলেও তুরস্কে ব্যক্তিগত বিনিয়োগকারী ও ইউরোপীয় পর্যটকদের কোনো সমস্যা হবে না।

























































