শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুবিতে বঙ্গবন্ধুর জন্মদিন উৎযাপন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৩.২০১৭

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আজ বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আশরাফ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স এসোসিয়েশন, বিভিন্ন হল, বিভাগ, ছাত্র লীগ শাখা, কু.বি., বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ, সাংবাদিক সমিতিসহ অন্যান সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।
পুষ্পার্ঘ অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। নীরবতা শেষে জাতির জনক বঙ্গবন্ধুর ৯৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আশরাফ কেক কাটেন।
এরপর আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আশরাফ, ট্রেজারার প্রফেসর কুন্ডু গোপীদাস, ভারপ্রাপ্ত প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট জনাব দুলাল চন্দ্র নন্দী, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি জনাব জিনাত আমান, ছাত্র লীগ সভাপতি মোঃ নাজমুল হাসান আলিফ, সেক্রেটারী রেজা ই এলাহী, ছাত্র লীগ নেতা ইলিয়াস হোসেন সবুজ, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের সভাপতি জনাব মোঃ ইমাম হাসান প্রমুখ।
শিক্ষক সমিতির নামে ২৫-৩০ জন শিক্ষক কর্তৃক সৃষ্ট বিশ্ববিদ্যালয়ের বিরাজমান পরিস্থিতির বিষয়ে বিশ্ববিদ্যালয় পরিবারের অন্যান্য সদস্যরা (ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী) উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানান। এ বিষয়ে বক্তারা বলেন, আমাদের সকলকে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে অক্ষুন্ন রেখে যার যা দায়িত্ব তা পালন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান নৈরাজ্যমুলক কাজের সাথে যারা জড়িত তাদের নিন্দা জানিয়ে আগামী রোবরার ১৯ শে মার্চের মধ্যে উপাচার্য দপ্তরের তালা খুলে দেওয়ার আহ্বান জানান বক্তারা। বক্তারা আরো বলেন, যদি আগামী রোববারের মধ্যে উপাচার্য দপ্তরের তালা খুলে দেওয়া না হয় তাহলে সকলকে (ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী) নিয়ে তালা ভেঙ্গে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হবে। এসময় উপস্থিত সকলেই করতালির মাধ্যমে বক্তব্যকে সমর্থন জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি