হানিফ সুমন নামে এক ছাত্রলীগ কর্মীকে ‘ছাত্রদল ও শিবির’ উল্লেখ করে ফেসবুকে পোস্ট দেয় সাইফুল নামে আরেক ছাত্রলীগ কর্মী। এই পোস্ট নিয়ে ছাত্রলীগের দুইপক্ষ মুখোমুখি অবস্থান নেয়ার পর পুলিশকে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়েছে।
রোববার (১৯ মার্চ) দুপুরে নগরীর সরকারি হাজী মুহম্মদ মহসিন কলেজে এই ঘটনা ঘটেছে।
মুখোমুখি অবস্থান নেয়ার পর উভয়পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়াতে চাইলে পুলিশ মাঝখানে অবস্থান নিয়ে তাদের সরিয়ে দেয় বলে বাংলানিউজকে জানিয়েছেন চকবাজার থানার ওসি এস এম নূরুল হুদা।
হানিফ সুমন মহসিন কলেজের সম্মান শ্রেণীতে অর্থনীতি প্রথম বর্ষের ছাত্র। সাইফুল একই কলেজের এইসএসসি প্রথম বর্ষের ছাত্র।
হানিফ সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর এবং সাইফুল বর্তমান মেয়র ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী।
ওসি নূরুল হুদা বাংলানিউজকে বলেন, সাবেক মেয়র আর বর্তমান মেয়রের অনুসারী ছাত্রলীগের মধ্যে উত্তেজনা হয়েছে।
‘ফেসবুকে ছাত্রদলের একটা পেইজে নাকি সুমন লাইক দিয়েছিল। সেটার স্ক্রিন শট দিয়ে আরেকপক্ষ তাকে ছাত্রদল-শিবির বলে প্রচার চালায়। এটা নিয়ে তারা একপক্ষ আরেকপক্ষের বিরুদ্ধে অবস্থান নেয়। আমা ঘটনাস্থলে গেলে উভয়পক্ষ মিছিল করে ক্যাম্পাস থেকে চলে যায়। ’ বলেন ওসি
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উত্তেজনার সময় মহিউদ্দিনের অনুসারীরা কলেজ ক্যাম্পাসে এবং প্রতিপক্ষ কলেজের মূল ফটকের সামনে রাস্তায় অবস্থান নেয়। এসময় পুলিশ গিয়ে মূল ফটক বন্ধ করে দেয়। সড়কে বহিরাগতদের এক পর্যায়ে ধাওয়াও দেয় পুলিশ।
উৎসঃ বাংলানিউজ























































