মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইতিহাসের নতুন পাতায় তামিম


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:প্রয়োজন ছিল মাত্র একটি রানের। সুরঙ্গ লাকমলের প্রথম বলটি ব্লক করেছিলেন তামিম ইকবাল, দ্বিতীয়টি ছেড়ে দিলেন। তৃতীয় বলে স্কয়ার লেগ দিয়ে পাঠিয়ে দিলেন  বাউন্ডারির কাছে। ততক্ষণে দুই রান তুলে নিয়েছেন এই ওপেনার। সঙ্গে পৌঁছে গেলেন বাংলাদেশ ক্রিকেটের নতুন ইতিহাসের পাতায়।

ডাম্বুলার রানগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে লাকমালের তৃতীয় বলে দুই রান নিয়ে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে ১০ হাজারী ক্লাবে জায়গা করে নিলেন তামিম ইকবাল। এই প্রতিবেদনটি যখন লেখা হচ্ছে, তামিম তখন ৬ রানে অপরাজিত রয়েছেন। অর্থাৎ, সবমিলিয়ে তিন ফরম্যাটে ড্যাশিং এই ওপেনারের রান দাঁড়িয়েছে ১০,০০৫।

বেশআগে থেকেই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম। এই রান তুলতে তিনি খেলেছেন মোট ২৬৭* ম্যাচ (৪৯ টেস্ট, ১৬৩* ওয়ানডে এবং ৫৫ টি-টোয়েন্টি)। ২০০৭ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হওয়া এই ক্রিকেটার এখন পর্যন্ত ৪৯ টেস্ট ম্যাচের ৯৪ ইনিংসে ব্যাট করে ৩৯.৫৩ গড়ে রান করেছেন ৩৬৭৭। সর্বোচ্চ ব্যক্তিগত ২০৬ রান। টেস্ট ক্রিকেটে তার সেঞ্চুরির সংখ্যা আটটি এবং হাফ সেঞ্চুরি করেছেন ২২টি।

এই ম্যাচের আগে ১৬২ ওয়ানডেতে তামিমের সংগ্রহ ৩২.৪০ গড়ে ৫১২০ রান। ব্যক্তিগত সর্বোচ্চ ১৫৪ রান। ওয়ানডে ক্রিকেটে তার সেঞ্চুরির সংখ্যা সাতটি এবং হাফ সেঞ্চুরি রয়েছে ৩৪টি। এছাড়া ৫৫ টি-টোয়েন্টি ম্যাচে ২৪.০৪ গড়ে এক সেঞ্চুরি ও চার হাফ সেঞ্চুরিতে করেছেন ১২০২ রান। ক্যারিয়ার সর্বোচ্চ অপরাজিত ১০৩ রান।

বাংলাদেশের হয়ে তামিমের পরই অবস্থান করছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তিন ফরম্যাট মিলিয়ে বিশ্বসেরা এই অলরাউন্ডারের সংগ্রহ ৯২৮৮ রান। ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে বাঁ-হাতি এই অলরাউন্ডারের এখনও প্রয়োজন ৭১২ রান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি